চট্টগ্রামে পুঁজিবাজারের বিষয়ে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা
পুঁজিবাজার বিষয়ে চট্টগ্রামের ১৫০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।নগরের ইউএসটিসি মিলনায়তনে গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চিটাগাং ক্যাপিটাল লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা।কর্মশালায় বক্তারা বলেন, গত কয়েক বছরে দেশের পুঁজিবাজার দ্রুত বিকশিত হয়েছে। তবে এই খাতে এখনো নারীরা পিছিয়ে আছে। সে জন্য নারীদের পুঁজিবাজার সম্পর্কে সচেতন করে তুলতে হবে।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর, চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও সিএসইর কর্মকর্তা সোনিয়া হোসাইন।কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।