চট্টগ্রামে পোশাকশিল্পের তিন দিনব্যাপী প্রদর্শনী কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কাল বুধবার থেকে তৈরি পোশাকশিল্পের তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে।পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ‘চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন-কাফেক্সপো’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে দেশি ও বিদেশি ২৪টি প্রতিষ্ঠান ৪৭টি স্টলে অংশ নিচ্ছে।এ উপলক্ষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশি-বিদেশি ক্রেতা, সরবরাহকারী ও যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব ও এরশাদ উল্লাহ, পরিচালক মাহতাব হাবিব ও এ এম চৌধুরী সেলিম উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে নাসির উদ্দিন চৌধুরী বলেন, বিশ্বে পোশাক রপ্তানির ক্ষেত্রে একক দেশ হিসেবে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে আছে এবং প্রতিবছর এই শিল্পে রপ্তানি-আয় বাড়ছে। তবে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর এই অগ্রযাত্রা নির্ভর করছে। এ ছাড়া গ্যাস-বিদ্যুৎসংকট নিরসন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো দরকার বলে তিনি উল্লেখ করেন। নাসির উদ্দিন চৌধুরী তৈরি পোশাকশিল্পের জন্য নতুন করে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা, ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, বন্দর থেকে কনটেইনার পরিবহনে রেলের সক্ষমতা বাড়ানো, নতুন শিল্পে দ্রুত গ্যাসসংযোগ প্রদান, বন্দরের পরিচালন কর্মকাণ্ডকে বিশেষ আইনের আওতায় অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাজরীন ফ্যাশনস ও স্মার্ট এক্সপোর্ট লিমিটেডে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিক নিহত হওয়ায় এবারের প্রদর্শনী উপলক্ষে কোনো আনন্দ আয়োজন করা হবে না। আনন্দ আয়োজন বাবদ যত টাকা খরচ হতো তা পোশাকশিল্পের শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।প্রদর্শনীটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।