চট্টগ্রামে পোশাকশিল্পের প্রদর্শনী কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামের ইনডোর স্টেডিয়ামে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পোশাকশিল্প প্রদর্শনী। দেশি-বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।চিটাগাং অ্যাপারেল, ফেব্রিকস অ্যান্ড একসেসরিজ এক্সপোজিশন বা ‘কাফেক্সপো’ শীর্ষক এ প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত।মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বিজিএমইএ গতকাল মঙ্গলবার নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। এতে বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আবু তৈয়ব, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, সাবেক পরিচালক মো. এরশাদ উল্লাহ, বর্তমান পরিচলক এ এম চৌধুরী, মো. কফিল উদ্দিন ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে নাসির উদ্দিন চৌধুরী আরও বলেন, বিশ্বে এখন বস্ত্র ও পোশাক খাতে ২২ হাজার কোটি মার্কিন ডলারের বাজার রয়েছে। এই বিশাল বাজারে আমাদের রপ্তানির জোগান মাত্র চার শতাংশ। সে জন্য বিজিএমইএ বাজার বাড়ানোর চেষ্টা করছে।ভারতকে বন্দর ব্যবহারের সুযোগ দিলে দেশের পোশাক খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আঞ্চলিক যোগাযোগের দরজা খোলা থাকলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে ইনডোর স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। মেলার সমাপনী দিনে থাকছে সেমিনার। এ ছাড়া মেলায় প্রতিদিন ফ্যাশন শোর আয়োজন থাকবে।