চট্টগ্রামে পোশাকশিল্পের প্রদর্শনী কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক রপ্তানি ২০২১ সালে পাঁচ হাজার কোটি ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর লক্ষ্যে পথনকশা ঘোষণা করতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো’তে এই পথনকশা ঘোষণা করবে সংগঠনটি।
চট্টগ্রামে বিজিএমইএ ভবনে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রদর্শনী উপলক্ষে দুই দিনে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী, সচিব, দেশি-বিদেশি গবেষক, পোশাকশিল্পের ক্রেতা-বিক্রেতা, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রদর্শনীতে তৈরি পোশাক, কাপড়, পোশাক খাতের সরঞ্জাম, যন্ত্রপাতি, অগ্নিনির্বাপণ যন্ত্র ইত্যাদি মিলিয়ে ৭৩টি স্টল থাকছে।
দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি কোম্পানিও থাকছে প্রদর্শনীতে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক আবদুল ওয়াহাব, সাব্বির মোস্তফা, অঞ্জন শেখর দাস, এম মহিউদ্দিন চৌধুরী, শেখ সাদি, সৈয়দ নজরুল ইসলাম ও সাবেক পরিচালক আ ন ম সাইফুদ্দিন।