চট্টগ্রামে ফ্ল্যাট বিক্রি বাড়লেও গতি ফেরেনি
>

রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছরের চেয়ে ফ্ল্যাটের বিক্রি বেড়েছে। তবে সরকারের সহযোগিতা ছাড়া এ খাত পুরোপুরি গতিশীল হবে না। গৃহঋণের সুদ কমে এলেও এখনো নিবন্ধন খরচ বেশি। আবাসন খাতের গ্রাহকদের জন্য ৭ শতাংশ সুদে সরকার যদি বিশেষ তহবিল গঠন করে, তাহলেও এই খাত প্রাণ ফিরে পাবে
চট্টগ্রামে আবাসন খাতে এ বছর ফ্ল্যাটের বিক্রি বেড়েছে। তবে এখনো অবিক্রীত ফ্ল্যাটের সংখ্যা কমেনি। ২০১২ সালের আগে-পরে আবাসন খাতে উত্থান-পতনের পর এখন কিছুটা হলেও স্থিতিশীল অবস্থা ফিরে আসতে শুরু করেছে। তবে এ খাতে এখনো গতি ফেরেনি বলে মনে করেন উদ্যোক্তারা।
আবাসন খাতের উদ্যোক্তারা বলেন, ২০০৮ সাল থেকে চট্টগ্রামে আবাসন খাতে উত্থান শুরু হয়। আবাসন খাতে উত্থান দেখে এর সঙ্গে যুক্ত হন অনেক মৌসুমি ব্যবসায়ী। ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় জমির মূল্য বৃদ্ধি পায়। জমির মালিকেরাও সাইনিং মানি বা নগদ অর্থের এবং অংশীদারি বেশি দাবি করতে থাকেন। এসবের ফলে নির্মাণ ব্যয়ও বেড়ে যায়। এরপরও ঋণের সহজলভ্যতা ও নগদ অর্থের প্রবাহের কারণে চাহিদা ছিল ফ্ল্যাটের।
উদ্যোক্তারা বলেন, শেয়ারবাজার ধসসহ নানা কারণে নগদ অর্থের প্রবাহ কমে গেলে ২০১২ সালের শেষে এ খাতে মন্দা শুরু হয়। মৌসুমি ব্যবসায়ীরাও ফ্ল্যাট বিক্রি করতে না পারায় অর্ধনির্মিত বা উপরিকাঠামো নির্মাণ করেই অনেকে পিছু হটেন। ফ্ল্যাট বুঝে দিতে না পারায় গ্রাহকের আস্থায়ও চিড় ধরে। গত বছর পর্যন্ত চট্টগ্রামে রিহ্যাবের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর অবিক্রীত পড়ে ছিল পাঁচ হাজার ফ্ল্যাট। সদস্যের বাইরে এ সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন রিহ্যাবের নেতারা।
রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছরের চেয়ে ফ্ল্যাটের বিক্রি বেড়েছে। তবে সরকারের সহযোগিতা ছাড়া এ খাত পুরোপুরি গতিশীল হবে না। গৃহঋণের সুদ কমে এলেও এখনো নিবন্ধন খরচ বেশি। আবাসন খাতের গ্রাহকদের জন্য ৭ শতাংশ সুদে সরকার যদি বিশেষ তহবিল গঠন করে, তাহলেও এই খাত প্রাণ ফিরে পাবে।
উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক-দেড় বছরের মধ্যে ফ্ল্যাটের দাম কমে যায় ২০ থেকে ২৫ শতাংশ। একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, নাছিরাবাদে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম ১১ হাজার টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৮ থেকে সাড়ে ৮ হাজার টাকায়। চট্টগ্রাম কলেজ রোডে বর্গফুটপ্রতি সাড়ে ছয়-সাত হাজার থেকে কমে পাঁচ হাজার টাকা, পাঁচলাইশ এবং ওআর নিজাম রোডে আট-নয় হাজার থেকে কমে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে। দাম কমার কারণে ফ্ল্যাটের বিক্রিও কিছুটা বেড়েছে।
ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক প্রথম আলোকে বলেন, মন্দার কারণে গত বছর পর্যন্ত তাঁর প্রতিষ্ঠানের ৭০-৮০টি ফ্ল্যাটে ৬০ কোটি টাকার বিনিয়োগ আটকে ছিল। তবে এখন তা কমেছে। বর্তমানে ১০ কোটি টাকার আটটি অ্যাপার্টমেন্ট অবিক্রীত রয়েছে। এখন ক্রেতাদের হাতে এই বাজারের নিয়ন্ত্রণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্রেতাদের আস্থা পুরোপুরি ফেরানো গেলে এই খাতে আরও গতি ফিরে আসবে। কারণ, মৌসুমি ব্যবসায়ীরা বাজার ছেড়ে যাওয়ার পর এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই এই বাজারে আছেন।
উদ্যোক্তারা বলেন, চট্টগ্রামে আবাসন খাতে এখনো গ্রাহকদের বড় অংশ উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির। এই তালিকায় আছেন ছোট-বড় ব্যবসায়ী ও উচ্চ আয়ের পেশাজীবীরা। প্রকৃত মধ্যবিত্ত শ্রেণির লোকজন এখনো আসছেন না। আবার মৌসুমি ব্যবসায়ীরা ফ্ল্যাট বুঝে দিতে না পারায় মধ্যপ্রাচ্যকেন্দ্রিক প্রবাসী গ্রাহকদের আস্থা কমে গেছে। চাহিদা না বাড়ায় ফ্ল্যাটে বিনিয়োগকারীরাও এখনো বাজারে ফিরে আসেননি। মধ্যবিত্ত শ্রেণি ও প্রবাসীদের আস্থা ফেরানো গেলে এই খাতে ব্যবসা আরও বাড়বে বলে জানান তাঁরা।
ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটের দাম সংশোধন হয়ে এখন শেষ ধাপে এসেছে। আরও কমবে কি না, এই চিন্তায় আছেন ক্রেতারা। তবে এখন প্রস্তুত ও চলমান প্রকল্পগুলো ছাড়া চট্টগ্রামে নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে কম। ক্রেতাদের সাড়া না থাকায় অনেকে প্রকল্প শেষ করার সময় পিছিয়ে দিচ্ছেন।
উদ্যোক্তারা বলেন, চট্টগ্রামে রিহ্যাবের সদস্যভুক্ত ৯৮টি প্রতিষ্ঠান রয়েছে। রিহ্যাবের বাইরে রয়েছে দুই শতাধিক প্রতিষ্ঠান। আবাসন ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলেও এই খাতে নেতৃত্ব দিচ্ছে হাতে গোনা ১০-১২টি প্রতিষ্ঠান। আবাসন খাতের উত্থান দেখে যেসব ব্যবসায়ী হঠাৎ করে এই বাজারে এসেছিলেন, তাঁদের ৬০ থেকে ৭০ শতাংশ এখন বাজারে নেই বলে জানান আবাসন খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা।