চট্টগ্রামে বাণিজ্য ও রপ্তানি মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করতে জাহাজ নির্মাণ, ওষুধশিল্প ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ জোর দিচ্ছে বাংলাদেশ। চলতি অর্থবছরে তিন হাজার ৩০০ কোটি ডলারেরও বেশি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পেরেছে।
চট্টগ্রামে গতকাল বুধবার আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজক। নগরের গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। আর মেলার আয়োজন করা হয়েছে হালিশহর আবাহনী মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, চট্টগ্রামে বিনিয়োগের প্রধান অন্তরায় হিসেবে সবাই গ্যাস-বিদ্যুৎ সংকটসহ অবকাঠামোগত সমস্যাকে দায়ী করছেন। এসব সংকট দূর করতে অচিরেই চট্টগ্রামে ভাসমান গ্যাস টার্মিনাল ও কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ছাড়া গভীর সমুদ্রবন্দরসহ আরও কয়েকটি উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে বিদেশিরা প্রতিনিয়ত এ সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু বিএনপি ও কিছু গবেষণা প্রতিষ্ঠান সব সময় এর উল্টো বলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ আফসারুল আমিন, মাঈনুদ্দিন খান বাদল, শামসুল হক চৌধুরী, আবু রেজা মো. নদভী, মাহজাবীন মোরশেদ, ওয়াসিকা আয়শা খান, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভুঁইয়া, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী প্রমুখ।
এদিকে উদ্বোধন হলেও প্রস্তুতির কাজ শেষ না হওয়ায় মেলা শুরু হতে আরও দুই-তিন সময় লাগবে বলে জানিয়েছেন মেলার আয়োজকেরা। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।