চট্টগ্রামে বাণিজ্য মেলা শুরু

চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে গতকাল শনিবার থেকে ২২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে।
এবারের মেলায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, চীন, থাইল্যান্ড, ইরান, পাকিস্তান প্রভৃতি দেশের ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল রয়েছে। চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত এ মেলায় আগত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে বলে জানান আয়োজকেরা।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। গতবারের মতো এবারেও মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
মেলাটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এতে আরও বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ এবং চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যা সমাধানে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য দু-এক দিনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করা হবে। কমিটিতে অর্থমন্ত্রী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ ২৬-২৭ জন সদস্য থাকবেন।
বাণিজ্যমন্ত্রী হরতাল-অবরোধ কর্মসূচি না দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির ভুল ছিল। ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। বাংলাদেশের মাটিতে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তাই হরতাল-অবরোধ দিয়ে আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না।’
এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘আমাদের হাতে এখন যথেষ্ট সময় আছে। কেউ অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’