চট্টগ্রামে বিডি-রেড আবাসন মেলা কাল শুরু
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামীকাল বুধবার থেকে চার দিনব্যাপী বিডি-রেড আবাসন মেলা শুরু হচ্ছে। বাংলাদেশ রিয়েল এস্টেট ডাইরেক্টরি (বিডি-রেড) চট্টগ্রামে অষ্টমবারের মতো এই আবাসন মেলার আয়োজন করেছে।প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা। এতে প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। এবারের মেলায় ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।নগরের একটি হোটেলে গত রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান। এ সময় মেলা আয়োজক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে মেলা উপলক্ষে গতকাল সোমবার নগরের জুবিলি রোডের একটি হোটেলে ‘চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ও আবাসন শিল্পের বিকাশ: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া।