পুঁজিবাজারে গত কয়েক দিনের ক্রমাগত দরপতনের প্রতিবাদে চট্টগ্রামে বিনিয়োগকারীরা আজ বুধবার নগরের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। তবে এ নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। সমাবেশে বক্তারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতির পদত্যাগ দাবি করেন। প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্রে জানা যায়, পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে দুপুরে বিভিন্ন ব্রোকারেজ হাউহ থেকে বিনিয়োগকারীরা এসে জড়ো হতে থাকেন। পরে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের ব্যানারে ‘পুঁজিবাজার বাঁচাও, দেশ বাঁচাও, প্রধানমন্ত্রী জেগে উঠুন’ স্লোগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম প্রমুখ। বক্তারা বলেন, ‘যেসব বিশেষজ্ঞ বলেছেন পুঁজিবাজার ’৯৬ সালের অবস্থায় যাবে না, তাঁদের কাছে আমাদের প্রশ্ন তাহলে আমরা এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছি? এটা তো ’৯৬-এর চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। দিনের পর দিন দরপতন হচ্ছে অথচ এ ব্যাপারে এসইসির কোনো কার্যকর পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না। এতেই এটা প্রমাণিত হয় এসইসির চেয়ারম্যান এতে ব্যর্থ হয়েছেন। আমরা পুঁজিবাজারের স্বার্থে অবিলম্বে এ ধরনের একজন অযোগ্য চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে ডিএসইর সভাপতি রকিবুর রহমানেরও পদত্যাগ চাইছি। কারণ আমরা জেনেছি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এতে পুঁজিবাজারের লুটেরা গোষ্ঠীর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ স্পষ্ট করেছে।’ সমাবেশে বক্তারা বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দেশীয় উদ্যোগে পদ্মা সেতু নির্মাণের ঘোষণাকে স্বাগত জানাই। সেই সঙ্গে এটাও বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুঁজিবাজার জেগে উঠবে।’আছলাম মোরশেদ আরও বলেন, ‘বাজার পরিস্থিতি বিবেচনা করে আমরা কাল বৃহস্পতিবারও বিক্ষোভ কর্মসূচি পালন করব।’