চট্টগ্রামে বিশ্ব বাণিজ্য কেন্দ্র চালু শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন (সর্ব ডানে) চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। পাশের ছবিতে  চট্টগ্রামে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যা এখন উদ্বোধনের অপেক্ষায় l প্রথম আলো
বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন (সর্ব ডানে) চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। পাশের ছবিতে চট্টগ্রামে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যা এখন উদ্বোধনের অপেক্ষায় l প্রথম আলো

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় দেশের প্রথম ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ বা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের কার্যক্রম চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা তিনটায় এই বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন করবেন।
গতকাল বুধবার বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন ও শতবর্ষ উদ্যাপন কমিটির চেয়ারম্যান সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম উপস্থিত ছিলেন।

.
.

চেম্বার নেতারা জানান, চট্টগ্রাম চেম্বার প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি বেসমেন্ট ও ২১ তলাবিশিষ্ট বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভবন নির্মাণ করেছে। তবে শনিবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও পুরোদমে এই কেন্দ্র চালু হতে সময় লাগবে। এখনো ভবনের ১১ থেকে ২০ তলা পর্যন্ত চার তারকা মানের হোটেল চালু হয়নি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। রপ্তানি পণ্যের প্রদর্শনীর জন্য শোকেস বসানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংসদ এম এ লতিফ বলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। তিনটি বেসমেন্ট ও ২১ তলা ভবনে একসঙ্গে অনেকগুলো সেবা পাবেন দেশি-বিদেশি উদ্যোক্তারা। তিনি আরও বলেন, এই ভবনে পাঁচটি সভাকক্ষ রয়েছে। এই পাঁচটি কক্ষ চট্টগ্রামের পাঁচটি নদীর নামে নামকরণ করা হয়েছে। চার তারকা মানের হোটেল চালুর বিষয়ে সাংসদ জানান, বিশ্বখ্যাত গ্র্যান্ড হায়াত আগ্রহ দেখিয়েছে। তাদের প্রস্তাব যাচাই-বাছাই করে চুক্তি করা হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধনের জন্য এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি শুধু চট্টগ্রামের নয়, সারা দেশের গর্ব। তিনি আরও বলেন, ‘বিশ্বমানের বন্দরের জন্য বিশ্বমানের শহর দরকার। বিশ্বমানের শহরের জন্য প্রয়োজন অবকাঠামো। এ ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এক ধাপ এগিয়ে যাব আমরা।’

মাহবুবুল আলম বলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্র শুধু ভবন নয়, এখানে দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অনেক সুযোগ-সুবিধা থাকবে। ভবনের পঞ্চম তলায় ১৩২টি শোকেসে রপ্তানি পণ্য তুলে ধরা হবে। অনলাইনেও যে-কেউ নমুনা দেখে পণ্য কিনতে পারবে। তিনি আরও বলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জন্য সারা বছরের একটি ক্যালেন্ডার থাকবে। এই ক্যালেন্ডারে কোন মাসে কী ধরনের প্রদর্শনী, মেলা বা সেমিনার হবে, তা উল্লেখ থাকবে।
বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হেলিকপ্টার প্যাড রয়েছে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, দেশি–বিদেশি উদ্যোক্তাদের ব্যবহারের জন্য একটি হেলিকপ্টার কেনা হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যপদ পাওয়ার দুই বছর পর ২০০৬ সালে আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দরপত্রের মাধ্যমে ভবনটি নির্মাণের দায়িত্ব পায় মেসার্স কনকর্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন।