চট্টগ্রামে বে টার্মিনালের সমীক্ষা শুরু হচ্ছে
জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর জন্য চট্টগ্রাম বন্দরের জলসীমার শেষ প্রান্তে পতেঙ্গার অদূরে ‘বে টার্মিনাল’ নামে নতুন একটি টার্মিনাল নির্মাণে সমীক্ষা প্রণয়নের কাজ শুরু হচ্ছে। গতকাল বুধবার বন্দর ভবনে বন্দরের সঙ্গে নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের এ-সংক্রান্ত চুক্তি হয়। আগামী নয় মাসের মধ্যে এই সমীক্ষাকাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে।
বন্দরের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল এবং জার্মানির পরামর্শক প্রতিষ্ঠান শেল হর্নের প্রতিনিধি বেনজামিন লেজার চুক্তিতে সই করেন। বাংলাদেশি টাকায় এই কাজের চুক্তিমূল্য ৬ কোটি ৩৯ লাখ টাকা। জার্মানির শেল হর্নের নেতৃত্বে একই দেশের এইচপিসি হামবুর্গ পোর্ট কনসালটিং এবং দেশীয় কেএস কনসালট্যান্টস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এই সমীক্ষার কাজ করবে। পরামর্শক প্রতিষ্ঠান নয়টি বিষয়ে প্রতিবেদন জমা দেবে।
বন্দর পর্ষদের সদস্য জাফর আলম বলেন, চুক্তি হওয়ার পর আগামী সপ্তাহ থেকে সমীক্ষার কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। তবে পরিবেশের অবস্থানগত ছাড়পত্রের জন্য প্রাথমিক পরিবেশগত সমীক্ষা শেষ করেছে বন্দর। পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেলে ৯০৭ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ শেষ হবে।
বন্দর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর জেটিতে প্রবেশের জন্য জাহাজের দৈর্ঘ্য ও ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশের পরিমাপ) সীমাবদ্ধতা রয়েছে। আবার জেটিতে জাহাজ আনার জন্য জোয়ারের ওপরও নির্ভর করতে হয়। তবে প্রস্তাবিত বে টার্মিনালের জাহাজ ভেড়ানোর ক্ষেত্রে দৈর্ঘ্যের সীমাবদ্ধতা নেই। আবার খননকাজ করে বড় জাহাজও ভেড়ানো সম্ভব। তবে সবকিছু নির্ভর করে বে টার্মিনালের যে জায়গায় লম্বা চর উঠেছে সেটির স্থায়িত্বের ওপর।