চট্টগ্রামে ইলেকট্রিক বা বৈদ্যুতিক পণ্যের বাজারেও ঈদের ছোঁয়া লেগেছে। একশ্রেণীর ক্রেতা ছুটছেন এসব পণ্যের বিক্রয়কেন্দ্রগুলোতে। বিশেষ করে টেলিভিশন, মাইক্রোওভেন ও ব্লেন্ডারের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। তাঁরা জানান, ডিভিডি প্লেয়ারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যও বেশ বিক্রি হচ্ছে।ঈদ উপলক্ষে ইলেকট্রিক বা বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্যের দোকানগুলোতে বিশেষ ছাড় দিয়ে যেমন বিক্রি করা হচ্ছে, তেমনি বিক্রীত পণ্যের সঙ্গে রয়েছে নানা ধরনের উপহার। সেই সঙ্গে ক্রেতাদের জন্য স্ক্র্যাচ কার্ড ঘষে পুরস্কার জেতার সুযোগ রাখা হয়েছে।নগরের জিইসি মোড়, ওয়াসা ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বৈদ্যুতিক পণ্যের বিভিন্ন শোরুমে গিয়ে এ ধরনের চিত্র দেখা গেছে। জিইসি মোড়ের ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের শোরুমের ব্যবস্থাপক ফজলুল কাদের চৌধুরী জানান, ফিলিপস টিভিসহ সাধারণ টিভির ক্ষেত্রে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মাইক্রোওভেন কিনলে উপহার হিসেবে থাকছে একটি ওভেনপ্রুফ বাটি, অ্যাপ্রোন ও গ্লাভস। রেফ্রিজারেটরে থাকছে ১০০ টাকা ছাড়। নগরের ওয়াসার মোড়ে সনি-র্যাংগসের শোরুম-কাম-করপোরেট কার্যালয়েও ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। এখানে আয়েশা বেগম নামের এক ক্রেতা জানান, ‘এলসিডি টিভি কেনার ইচ্ছা অনেক দিনের। কিন্তু দামের কারণে পিছিয়ে ছিলাম এত দিন। ঈদে বিশেষ ছাড়ের সুযোগটাই কাজে লাগাচ্ছি এখন।’শোরুমটির ইনচার্জ আমজাদ হোসেন জানান, তাঁরা ২৬ থেকে ৩০ ইঞ্চি এলসিডি টিভির ক্ষেত্রে ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন। তাঁরা ইন্টারনেট টিভির ক্ষেত্রে বিনা মূল্যে মডেম দিচ্ছেন। এ ছাড়া মডেল ভেদে এক থেকে নয় হাজার টাকা ছাড়ে সনি সাইবার শর্ট ক্যামেরা এবং ৪০টি মডেলের ফ্রিজে এক থেকে দেড় হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ষোলশহরে বাটারফ্লাইয়ের শোরুমের ব্যবস্থাপক রূপায়ণ বড়ুয়া জানান, তাঁরা বাটারফ্লাই রঙিন টিভি, মাইক্রোওভেন ও রেফ্রিজারেটর ৪৯০ টাকা ছাড়ে বিক্রি করছেন। এ ছাড়া এলসিডি টিভিতে ৯৯০ এবং এসিতে ৯৯০ টাকা থেকে এক হাজার ৯৯০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন। জিইসি মোড় সিঙ্গারের শোরুমে টেলিভিশন কিনতে আসা মোস্তফা মারুফ ও দিলশাদ বেগম দম্পতি জানান, পুরোনো টেলিভিশনটি নষ্ট হয়ে যাওয়ায় এবং ছেলেমেয়েদের বায়না মেটাতে এলসিডি টিভি কিনতে এসেছেন।শোরুমটির ব্যবস্থাপক আমিরুল হুদা কোরায়শী জানান, তাঁরা ঈদ উপলক্ষে টিভি, মাইক্রোওভেনের ক্ষেত্রে দুই মাসের পরিবর্তে তিন মাস এবং এসি, আইপিএস ও ফ্রিজের ক্ষেত্রে ছয় মাসের কিস্তিতে মূল্য পরিশোধের বিশেষ সুযোগ দিচ্ছেন। এ ছাড়া স্ক্র্যাচ কার্ড ঘষেও পুরস্কার জেতা বা ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের জন্য।