চট্টগ্রামে ভারী শিল্পে উৎপাদন ব্যাহত
বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে গত শনিবার চট্টগ্রামের ভারী কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রাখতে হয়। তবে পোশাকশিল্প কারখানায় জেনারেটর দিয়ে উৎপাদন সচল রাখা হয়। অবশ্য গতকাল রোববার চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ ছিল স্বাভাবিক।
ইস্পাতশিল্পের উদ্যোক্তারা জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎ বিপর্যয়ের পরপরই চট্টগ্রামের অন্তত ছোট-বড় ৭০টি ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
তবে সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পর উৎপাদন সচল হয়। এ ছাড়া সিমেন্টশিল্প কারখানায়ও উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে পোশাক কারখানা চালু রয়েছে ৫৫০টি। গত শনিবার বিদ্যুৎ বিপর্যয়ের পর এসব কারখানায় নিজস্ব জেনারেটর দিয়ে উৎপাদন চালু রাখে। জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি হওয়ায় কিছুসংখ্যক কারখানায় এক পালার কাজ বন্ধ করে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে নিজস্ব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। ইপিজেডের পাওয়ার প্ল্যান্টে ৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। ইপিজেডের ১৭০টি কারখানা চালু রাখতে ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়।
চট্টগ্রাম ইপিজেডের অদূরে অবস্থিত কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে এই পাওয়ার প্ল্যান্ট থেকে সরবরাহ করা হয় ১০-১৫ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে জাতীয় গ্রিডে সমস্যা হলে ইপিজেড দুটিতে উৎপাদনে ব্যাঘাত ঘটেনি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর জেনারেটর চালু রেখে উৎপাদন সচল রাখতে হয়েছে। তবে সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় উৎপাদনে বড় শঙ্কা তৈরি হয়নি।
৫৫০
পোশাক কারখানা নিজস্ব জেনারেটর দিয়ে উৎপাদন চালু রাখে। এতে খরচ বেশি হওয়ায় কিছুসংখ্যক এক পালার কাজ বন্ধ করে দেয়
৭০
ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ হয়
সিমেন্টশিল্প কারখানায়ও উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। তবে দুটি ইপিজেডে ব্যাঘাত ঘটেনি