চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাল শুরু
চট্টগ্রামে ২১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এতে দেশি-বিদেশি চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৮টি প্যাভিলিয়ন, ২৩৯টি স্টল, ৫০টি মেগা বুথ ও ১২৭টি প্রিমিয়ার মেগা বুথ রয়েছে।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করছে। এতে দশমবারের মতো মেলার পার্টনার কান্ট্রি হয়েছে থাইল্যান্ড। আর মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। চেম্বার মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার বিস্তারিত জানানো হয়। এতে বক্তব্য দেন মেলা কমিটির কো-চেয়ারম্যান ও চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমেদ। এ সময়ে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম ও সচিব অভীক ওসমানসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের কাল বিকেলে মেলার উদ্বোধন করবেন।