চট্টগ্রামে মাসব্যাপী পণ্যমেলা শুরু কাল
তৃতীয়বারের মতো চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক পণ্যমেলার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। এবারের মেলায় ২০০টি স্টল থাকবে। কাল বৃহস্পতিবার থেকে মেলা শুরু হলেও আজ বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
নগরের আগ্রাবাদের মেট্রোপলিটন চেম্বারের কার্যালয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান।
আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। বিদেশে দেশি পণ্যের বাজার সম্প্রসারণে মেলা পরিদর্শনের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান চেম্বার নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক আবদুস ছালাম, মো. শাহাবুদ্দিন আলম প্রমুখ।