চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা আজ শুরু
২০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আজ শুক্রবার শুরু হচ্ছে।নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেলাটির আয়োজন করেছে। এবারের মেলায় ভারত প্রথমবারের মতো এবং আলাদা জোনে অংশ নিচ্ছে। স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছে পাকিস্তান ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (এফপিসিসিআই)। এ ছাড়া মেলায় চীন, জাপান, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইরান প্রভৃতি দেশ অংশ নিচ্ছে। মেলার পার্টনার কান্ট্রি হয়েছে থাইল্যান্ড।এবারের মেলায় ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল রাখা হয়েছে। এতে তিন শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদে চেম্বারের নিজস্ব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি ও মেলা কমিটির সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম। আরও বক্তব্য দেন চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল আলম ও পরিচালক আশিক ভূঁইয়া। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের প্রধান অতিথি হিসেবে আজ বেলা তিনটায় মেলাটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাংসদ এম এ লতিফ, থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচেরোয়েন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।