চট্টগ্রামে মোটরসাইকেলের বাজার বড় হচ্ছে
চট্টগ্রামে মোটরসাইকেলের বাজারের আকার বাড়ছে। এক বছরের ব্যবধানে মোটরসাইকেল নিবন্ধনের হার বেড়েছে ৪৮ শতাংশ। ক্রমবর্ধমান এই বাজারে অংশীদারি বাড়াতে নতুন নতুন কোম্পানি বিক্রয়কেন্দ্র স্থাপন করছে।
মোটরসাইকেল বিপণনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম শহরে যানজট বাড়ছে। অনেক এলাকায় পাহাড়ি পথের কারণে ভাড়াও তুলনামূলক বেশি। সিএনজি অটোরিকশা মিটারে যায় না। ভালো মানের গণপরিবহনের সেবাও নেই। খরচ সাশ্রয় ও সময় বাঁচাতে তরুণ ও কর্মজীবীদের কাছে মোটরসাইকেল প্রিয় বাহন হয়ে উঠছে। তরুণদের মধ্যেও মোটরসাইকেল কেনার ঝোঁক বেড়েছে। এসব কারণে মোটরসাইকেল বিক্রি বেড়েছে।
মোটরসাইকেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চট্টগ্রাম নগরে বছরে মোটরসাইকেল বিক্রি হচ্ছে কম-বেশি ৮ হাজার। সেই হিসাবে বাজারের আকার ১০০ কোটি টাকার বেশি। তবে চট্টগ্রামে মোটরসাইকেল কত বিক্রি হচ্ছে, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
অবশ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামের কার্যালয়ের নিবন্ধনের তথ্য থেকে মোটরসাইকেল বিক্রির হার বাড়ছে বলে ধারণা পাওয়া যায়। বিআরটিএর হিসাবে, প্রতিবছরই চট্টগ্রামে মোটরসাইকেলের নিবন্ধনের হার বাড়ছে। ২০১৪-১৫ অর্থবছরে ৫ হাজার ৭৫৭টি মোটরসাইকেল নিবন্ধন হয়। গত অর্থবছর নিবন্ধনের হার ৪৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৫৫৬টি। চলতি অর্থবছরে ১৫ মে পর্যন্ত নিবন্ধনের সংখ্যা ৯ হাজার ৫৭৩টি। আর এ পর্যন্ত চট্টগ্রামে ৭৬ হাজার ৭৬৭টি মোটরসাইকেল নিবন্ধন হয়েছে।
রানার অটোমোবাইলসের বিপণন বিভাগের প্রধান সৌরভ আহমেদ প্রথম আলোকে বলেন, ঢাকার পরই মোটরসাইকেলের বড় বাজার চট্টগ্রাম। এ কারণে দুই মাস আগে নিজস্ব শোরুম চালু করা হয়েছে চট্টগ্রামে। ক্রেতাদের কাছে ভালো সাড়াও পাওয়া গেছে। চট্টগ্রামের ক্রেতাদের কাছে ১৫০ সিসির মোটরসাইকেলের চাহিদা বেশি। এ ছাড়া ১০০ ও ১২৫ সিসির গাড়ির চাহিদা রয়েছে বলে তিনি জানান।
সংযোজনের মাধ্যমে সম্প্রতি মোটরসাইকেলের বাজারে যুক্ত হয়েছে চট্টগ্রামের পিএইচপি গ্রুপও। প্রথম পর্যায়ে তিনটি মডেল এনেছে প্রতিষ্ঠানটি। পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ছয় মাস আগে তিনটি মডেলের মোটরসাইকেল নিয়ে বাজারে এসেছে পিএইচপি। যন্ত্রাংশ আমদানি করে সংযোজনের মাধ্যমে মোটরসাইকেল বাজারজাত করলেও পিএইচপি দেশে মোটরসাইকেল তৈরি করতে চায়। এ জন্য পশ্চাৎ-সংযোগ শিল্প স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি নগরের চৌমুহনী এলাকায় উত্তরা মোটরসের বিক্রয়কেন্দ্রে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী মো. মামুনের সঙ্গে কথা হয়। তিনি মোটরসাইকেলের খোঁজখবর নিতে গিয়েছিলেন। জানতে চাইলে মামুন বলেন, ব্যবসার কাজে শহরের নানা স্থানে যেতে হয়। মোটরসাইকেল ছাড়া দ্রুত চলাফেরা করা যায় না।
বিক্রয়কেন্দ্রের একজন কর্মকর্তা বললেন, বাজাজ ব্র্যান্ডের পালসার ও ডিসকভার মডেলের গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়। চট্টগ্রামের বাজারে তাঁদের অংশীদারি ৬৪ শতাংশ বলে দাবি করেন ওই কর্মকর্তা।
মোটরসাইকেল নিবন্ধন
২০১৪-১৫ ৫,৭৫৭
২০১৫–১৬ ৮,৫৫৬
২০১৬–১৭* ৯,৫৭৩