চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার জন্য নিরাপদ আবাসন’ এ স্লোগানে আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে শুরু হচ্ছে রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত তিন দিনব্যাপী আবাসন মেলা।‘রিহ্যাব ফেয়ার-২০১১’ শিরোনামে এ মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল মঙ্গলবার মেলা উপলক্ষে নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিহ্যাব ফেয়ার চট্টগ্রামের আহ্বায়ক এস এম আবু সুফিয়ান। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের চিফ অপারেটিং অফিসার মো. শামসুল ইসলাম, রিহ্যাব ফেয়ার চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন প্রমুখ।সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, মেলায় ৯৭টি স্টল থাকবে। এর মধ্যে রয়েছে ৯৬ জন রিহ্যাব সদস্য ও একটি অর্থায়নকারী প্রতিষ্ঠান। মেলায় অনুমোদিত প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রি এবং প্রদর্শন করা হবে। একক প্রবেশমূল্য ৫০ এবং একাধিক দর্শনার্থীর জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া প্রতিদিন সংবাদ সম্মেলন ও প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্র আয়োজনের ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী দিন বেলা তিনটায় মেলা শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে।