চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলা শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর নগর চট্টগ্রামে আবাসন মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার চিটাগাং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা l প্রথম আলো
বন্দর নগর চট্টগ্রামে আবাসন মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার চিটাগাং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা l প্রথম আলো

‘গুণগত মানে আস্থা, নিশ্চিত নিরাপত্তা’ স্লোগান নিয়ে চট্টগ্রামে নবমবারের মতো আবাসন মেলা করতে যাচ্ছে আবাসনশিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। চার দিনের মেলায় ৭২টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।
নগরীর র্যাডিসন ব্লু হোটেলে কাল বৃহস্পতিবার রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা তিনটা থেকে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
চিটাগাং ক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কো-চেয়ারম্যান ইফতেখার হোসেন ও মুহাম্মদ আব্দুল কাদের জিলানী।
আবু সুফিয়ান বলেন, ‘গতবার মেলায় ১৫০ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রির অঙ্গীকার পাওয়া গিয়েছিল। এবার আমাদের লক্ষ্য ২০০ থেকে ২৫০ কোটি টাকা।’ তিনি বলেন, মেলায় অনুমোদিত প্রকল্পের প্লট, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস বিক্রয় বা প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য রিহ্যাবের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
লিখিত বক্তব্যে আবাসন খাতকে এগিয়ে নিতে সরকারি সহযোগিতা চান আবু সুফিয়ান। তিনি বলেন, ‘আগামী বাজেটে আবাসন খাতের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব জানাচ্ছি সরকারের কাছে। তহবিলটি থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া হলে আবাসন খাতে গতিশীলতা বাড়বে।’ এ ছাড়া আবাসন খাতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, নিবন্ধন ব্যয় ও কর কমানোর দাবি জানান তিনি।
কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে রবিউল হক বলেন, ‘রিহ্যাবের সদস্যসংখ্যা ১ হাজার ১৩৪। এর মধ্যে বিক্ষিপ্ত ঘটনা যে ঘটছে না, তা বলব না। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর রিহ্যাব মধ্যস্থতা করে এসব নিষ্পত্তি করছে। তবে গ্রাহকেরা সচেতন হওয়ায় আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।’
রবিউল হক বলেন, ‘গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত আবাসন মেলায় কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গৃহঋণের সুদের হার ৯ থেকে সাড়ে ৯ শতাংশে দিয়েছে। আমরা আশা করছি, আবাসন খাতে সুদের হার ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন (উদ্বোধনের দিন ছাড়া) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার ফটক ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। একবার প্রবেশের জন্য ৫০ টাকা এবং একাধিকবার প্রবেশের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা। টিকিটের ওপর প্রতিদিন লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে।