চট্টগ্রামে শিল্পপার্ক স্থাপনের দাবি নারী উদ্যোক্তাদের
চট্টগ্রামে শিল্পপার্ক স্থাপন করে ব্যবসা সম্প্রসারণের জন্য জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণের সুদ ও মূল্য সংযোজন করের হার কমানোরও দাবি জানান তাঁরা।
চট্টগ্রামের একটি হোটেলে গতকাল সোমবার অনুষ্ঠিত নারী ব্যবসায়ী সম্মেলনে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডােরশন (এফবিসিসিআই) এবং জার্মানির সংস্থা ফ্রেডরিখ ন্যুম্যান ফাউন্ডেশন (এফএনএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা ব্যবসায় আসার অভিজ্ঞতা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তাঁরা ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরে এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এফবিসিসিআইয়ের সহযোগিতা কামনা করেন। সম্মেলনে নারী উদ্যোক্তারা অবিলম্বে চট্টগ্রামে একটি শিল্পপার্ক স্থাপন করে সেখানে নারী ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের দাবি জানান।
অনুষ্ঠানে মনোয়ারা হাকিম আলী বলেন, ২০০৭ সালে শিল্পপার্কে জায়গা বরাদ্দ পেতে চট্টগ্রাম উইমেন চেম্বারের পক্ষ থেকে ১০টি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু এরপর আর অগ্রগতি হয়নি। এ সরকারের আমলে বিষয়টি বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক তোসাদ্দেক হোসেন খান ও মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, এফএনএফের আবাসিক প্রতিনিধি নাজমুল হোসাইন, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক প্রমুখ।