চট্টগ্রামে সর্বোচ্চ মূসক প্রদানকারী সাতটি প্রতিষ্ঠানকে সম্মাননা
চট্টগ্রামে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) প্রদানকারী সাতটি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়েছে। উৎপাদন, সেবা ও ব্যবসা—এই তিন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গত মঙ্গলবার জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে এ সম্মাননা জানায়। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: বার্জার পেইন্টস (বাংলাদেশ), কনকর্ড এন্টারটেইনমেন্ট, পারফেটি ভ্যানজেলি বাংলাদেশ, চিটাগাং এশিয়ান পেপারস মিলস, আপন গার্ডেন কমিউনিটি সেন্টার, গ্রিন লাইন পরিবহন ও বান্দরবানের পর্যটন হোটেল মেঘলা। এসব প্রতিষ্ঠানের পক্ষে ক্রেস্ট নেন যথাক্রমে নাজিমুদ্দিন হেলালী, অনুপ কুমার সরকার, নাহিদুল আলম চৌধুরী, মো. ইয়াকুব, প্রণব চৌধুরী, মো. আলাউদ্দিন ও মো. হুমায়ুন কবীর।নগরের একটি হোটেলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ভারপ্রাপ্ত কমিশনার জামাল হোসেন। এতে বক্তব্য দেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম প্রমুখ। অনুষ্ঠানে মূসক ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন।