চট্টগ্রামে হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট

চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়কের কাজ চলছে l প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়কের কাজ চলছে l প্রথম আলো

চট্টগ্রামের কর্ণফুলী নদীমোহনার পূর্ব তীরে আনোয়ারা উপজেলার জিউড়ি-বটতলী-বৈরাগ-বেলচূড়া এলাকায় চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশের টানেল থেকে এর দূরত্ব প্রায় দুই কিলোমিটার। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে। আজ শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গণভবন থেকে অনেকগুলো প্রকল্পের সঙ্গে চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্র জানায়, চীনের জন্য আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৪ সালের জুনের দ্বিতীয় সপ্তাহে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় চীন সফরে ছিলেন। এই সমঝোতা স্মারকের আলোকে আনোয়ারায় চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। চার বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন এবং শিল্পকারখানাগুলো উৎপাদনে যাওয়ার কথা।

বেজার সচিব মোহাম্মদ আইয়ুব এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারায় ৭৭৪ একর জমিতে চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট গণভবন থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

বেজার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর চার বছরের মধ্যে ভূমি উন্নয়ন ও  শিল্প স্থাপনের কাজ শেষ করার কথা রয়েছে। সেখানে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, আনোয়ারায় চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে জায়গা দেওয়ার সব প্রক্রিয়া শেষ হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এটির উন্নয়নকাজ শুরু করা যাবে।

বেজা সূত্রে জানা গেছে, ভূমি উন্নয়নের জন্য ২০ কোটি ডলার (প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা) খরচ হবে। এরপর শিল্পকারখানা স্থাপনের জন্য ১০০ কোটি ডলারের বেশি অর্থ খরচ হবে। চীনা হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির তত্ত্বাবধানে ভূমি উন্নয়ন ও শিল্পকারখানা স্থাপনের কাজ চলবে।

বেজার দায়িত্বশীল কর্মকর্তারা আরও জানান, আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ পুরোপুরি বাস্তবায়িত হলে চট্টগ্রাম হবে দেশের অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্র। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ ঘিরে আনোয়ারায় এই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এ ছাড়া টানেলের সঙ্গে মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত মেরিন ড্রাইভ এবং আনোয়ারা থেকে কক্সবাজার চার লেন সড়কের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তাই চীনের পাওয়ার চায়না নামের আরেকটি প্রতিষ্ঠান মিরসরাইয়ে ৫০০ একর জমিতে শিল্পকারখানা স্থাপন করতে আগ্রহী। এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে জমি চাচ্ছে চীনের দুটি প্রতিষ্ঠান।

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর তলদেশের টানেল আনোয়ারাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই টানেল ঘিরে চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে। আনোয়ারায় আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার বিষয়টি প্রক্রিয়াধীন। ফলে আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষের কর্মসংস্থান এবং আনোয়ারা উপজেলা মূল নগরের সঙ্গে যুক্ত হবে।