চট্টগ্রামে ১৬ ডিপোতে আটকা দুই হাজার ৭৬৯ কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে শঙ্কা বাড়ছে। গতকাল রোববার হরতালের প্রথম দিনে বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে দুই হাজার ৭৬৯ একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার আটকা পড়েছে। এসব কনটেইনার বন্দর প্রাঙ্গণে নেওয়া সম্ভব না হওয়ায় কনটেইনারবাহী জাহাজও নির্ধারিত সময়সূচি অনুসারে ছেড়ে যেতে পারছে না। এ পরিস্থিতিতে পর্যাপ্ত রপ্তানি পণ্য ছাড়াই কনটেইনারবাহী জাহাজ বন্দর ত্যাগ করতে পারে। আর তা হলে অনেক রপ্তানিকারকই নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে পারবেন না। পণ্য রপ্তানির প্রক্রিয়া অনুযায়ী, কারখানা থেকে কাভার্ড ভ্যানে করে পোশাকশিল্পসহ বিভিন্ন রপ্তানি পণ্য বেসরকারি কনটেইনার ডিপোতে সংরক্ষণ করা হয়। এসব ডিপোতে কাভার্ড ভ্যান থেকে খালাস করে কনটেইনারে পণ্য বোঝাই করে বন্দর ইয়ার্ডে পাঠানো হয়। এরপর বন্দর ইয়ার্ড থেকে সরাসরি জাহাজে তুলে কনটেইনারভর্তি পণ্য রপ্তানি হয়।বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির সচিব রুহুল আমিন সিকদার গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ১৬টি বেসরকারি ডিপোতে এখন পর্যন্ত দুই হাজার ৭৬৯ একক কনটেইনার আটকা পড়েছে। এর মধ্যে ৮৫ শতাংশই তৈরি পোশাক পণ্য। বন্দরের কাছাকাছি থাকায় এছাক ব্রাদার্স ডিপো থেকে ৩০ বাক্স রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বন্দরে পাঠানো হয়েছে। কিন্তু বন্দর থেকে দূরে থাকায় অন্য ডিপো থেকে এসব রপ্তানি কনটেইনার পাঠানো সম্ভব হয়নি। রপ্তানিকারক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা হরতালের কারণে বেশি শঙ্কায় পড়েছে রপ্তানি খাত। একদিকে বন্দর থেকে কাঁচামাল খালাস করতে না পারায় পোশাকশিল্পসহ রপ্তানিমুখী কারখানায় উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে তৈরি পণ্য রপ্তানির জন্য প্রস্তুত হলেও বেসরকারি ইয়ার্ডে পাঠানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম নুরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, বন্দর দিয়ে নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পারলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে পোশাক খাত। কারণ, বিদেশি ক্রেতা পণ্য না পেলে ক্ষতিগ্রস্ত হয়। তাদের ক্ষতিপূরণও গুনতে হয়। এর ফলে বিদেশি ক্রেতাদের বিকল্প বাজারের দিকে ঝুঁকতে উৎসাহ দেবে।বন্দর সূত্রে জানা গেছে, হরতালে বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো হয়। তবে টানা হরতালের প্রভাব পড়তে শুরু করেছে বন্দরেও। রপ্তানি পণ্য না পাওয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজ বন্দর ত্যাগ করতে পারবে না। আবার বন্দর ত্যাগ করলেও পর্যাপ্ত রপ্তানি পণ্য ছাড়াই জাহাজ বন্দর ছাড়তে হবে।বন্দরের হিসাব অনুযায়ী, গতকাল আমদানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে দুটি জাহাজ বন্দর জেটিতে ভিড়েছে। এ নিয়ে বন্দরের মূল জেটিতে এখন কনটেইনার জাহাজ আছে আটটি। আগামীকাল আরও তিনটি জাহাজ জেটিতে ভেড়ার কথা রয়েছে। এসব জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাস হচ্ছে। বন্দরের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, হরতালের আগে বন্দর জেটিতে যেসব জাহাজ ভিড়েছে, সেগুলো রপ্তানি পণ্য নিয়ে বন্দর ত্যাগ করতে সমস্যা হবে না। তবে গতকাল থেকে যেসব জাহাজ ভিড়েছে, সেগুলো পর্যাপ্ত রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছেড়ে যেতে পারবে কি না, সংশয় রয়েছে। কারণ, ইপিজেড ও বন্দরের আশপাশ এলাকা থেকে অল্পকিছু রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দর ইয়ার্ডে পৌঁছানো সম্ভব হলেও বাস্তবে তা খুব কমই হয়।