চট্টগ্রামে ১৬ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি মেলা শুরু
বন্দরনগর চট্টগ্রামে ১৬ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো শুরু হচ্ছে তিন দিনব্যাপী জুম টিএম ‘আইসিটি ফেয়ার ২০১০’। নগরের মুরাদপুরের উডল্যান্ড পার্কে অনুষ্ঠিত হবে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলা, যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড আয়োজিত এ মেলার টাইটেল স্পন্সর হচ্ছে দেশের একমাত্র সিডিএম প্রযুক্তিধারী মোবাইল ফোন কোম্পানি সিটিসেল।রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনপেইস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান এসব তথ্য জানান। এ সময় সিটিসেলের কারিগরি ও করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মো. মাহফুজুর রহমান ও মার্কেটিং কমিউনিকেশনসের উপপরিচালক সৈয়দ তানজিন হক উপস্থিত ছিলেন। মো. কামরুল আহসান জানান, সিটিসেলসহ মোট ২৬ প্রতিষ্ঠান এ মেলায় ১৬টি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে অংশ নিচ্ছে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ টাকা। তবে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে বিনামূল্যে।