চট্টগ্রামে ২২ প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামে

গত চার মাসে চট্টগ্রামের খাতুনগঞ্জের ২২টি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার ৮০০ শতক জমি ও সম্পত্তি নিলামে উঠেছে। এক হাজার ১৮৯ কোটি টাকার ঋণ আদায়ে ব্যর্থ হয়ে সরকারি-বেসরকারি ১২টি ব্যাংক এসব সম্পত্তি নিলামে তুলেছে।চট্টগ্রামের ব্যবসায়ী সূত্রগুলো বলছে, ব্যাংকের টাকায় ভোগ্যপণ্য আমদানির পর ঋণ পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। ভোগ্যপণ্য আমদানি করে কেউ কেউ লোকসান দিয়েছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান ঋণ শোধ না করে জমি ও শেয়ারবাজারে বিনিয়োগ করেছিল। শেয়ারবাজারে দরপতন এবং জমির দাম কমে যাওয়ায় ঋণের চক্রে পড়ে গেছে তারা।চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের জমি, ভবন ও ফ্ল্যাট নিলামে উঠলেও এর আগে একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামে ওঠেনি।নিলামের তালিকায় ভোগ্যপণ্য আমদানিকারক নুরজাহান গ্রুপ, মোস্তফা গ্রুপ, এমইবি গ্রুপ, সিদ্দিক ট্রেডার্সের মতো বড় বড় প্রতিষ্ঠানের নাম রয়েছে। নিলামের তালিকায় থাকা ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হারুন ট্রেডিং, রুমানা এন্টারপ্রাইজ, মনোয়ারা ট্রেডিং, আইমান এন্টারপ্রাইজ, মইনুদ্দিন করপোরেশন, এস এস ইন্টারন্যাশনাল ইত্যাদি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল ইসলাম মনে করেন, ব্যাংকগুলো ব্যবসার জন্য যাচাই-বাছাই না করে বেশি ঋণ দেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তা ছাড়া হল-মার্কের মতো বড় বড় কেলেঙ্কারির পর ব্যাংকও পণ্য আমদানির অর্থায়নে কঠোর হয়েছে। এ কারণে অনেকেরই এখন খেলাপি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পত্তি নিলামে উঠেছে নুরজাহান গ্রুপের। ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা ৫৯৯ কোটি ৭৬ লাখ টাকার সম্পত্তি নিলামে তোলে এ গ্রুপের। দুই বছর আগেও এ গ্রুপ ভোজ্যতেলের চাহিদার ২৩ শতাংশ আমদানি করত। গত বছর কোম্পানিটি ৪৩৮ কোটি টাকার ৫১ হাজার টন পামতেল আমদানি করে, যা মোট আমদানির সাড়ে ৩ শতাংশ। জানতে চাইলে নুরজাহান গ্রুপের পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভোগ্যপণ্যের ব্যবসায় লোকসান হওয়ার পর ব্যাংকগুলো সহযোগিতা না করায় লোকসান পুষিয়ে আনা যায়নি। এ কারণে ব্যাংকের ঋণ শোধ করতে দেরি হচ্ছে। এর পরও যেহেতু আমাদের অনেকগুলো পরিশোধন কারখানা রয়েছে, সে জন্য বিশেষ করে ভোজ্যতেল আমদানি করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। কয়েকটি ব্যাংক সহযোগিতা করতে এগিয়ে এসেছে।’
নিলামের তালিকায় থাকা চট্টগ্রামের বিখ্যাত ছাতা কোম্পানি সিদ্দিক ট্রেডার্স এ ব্যবসায় নতুন। আবার প্রতিষ্ঠানটি এ ব্যবসা ছেড়েছেও দ্রুত। প্রতিষ্ঠানটি ব্যাংকের অর্থায়নে গম, চিনি, ছোলা আমদানি করে বিক্রির পরও ব্যাংকের টাকা শোধ করেনি। গত বছর থেকেই ব্যাংকগুলো টাকা আদায়ে এই কোম্পানির সম্পত্তি নিলামে তুলতে থাকে। গত বছর যমুনা ব্যাংক সিদ্দিক ট্রেডার্সের সহযোগী প্রতিষ্ঠান সাইদ ফুডস লিমিটেডের ৫৫ কোটি টাকার জমি নিলামে তুলে। এ প্রক্রিয়া এখনো অব্যাহত আছে।
সিদ্দিক ট্রেডার্স ও সাইদ ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কম-বেশি প্রায় ৫০০ কোটি টাকার ব্যাংকের দেনা আছে। তবে এ ঋণের বিপরীতে আমাদের তিন গুণ মূল্যের জমি বন্ধক রয়েছে। বিশেষ করে গম আমদানিতে অব্যাহত লোকসানের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’
ব্যাংকের ঋণ শোধ করতে না পারায় ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের তালিকায় প্রায় তিন বছর আগে প্রথম আলোচনায় আসে এমইবি গ্রুপ। ১৯৪৬ সালে ব্যবসা শুরু করা বনেদি এই গ্রুপের ২০১০ সালে ব্যাংকের দেনার পরিমাণ দাঁড়ায় সাড়ে ৯০০ কোটি টাকা। এরপর থেকে গ্রুপটি পণ্য আমদানি কার্যত বন্ধ করে দেয়।
গ্রুপের পরিচালক এম শোয়াইব রিয়াদ বলেন, ‘অব্যাহত লোকসানে পড়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখন ব্যাংকের দেনা সমন্বয় করছি। আশা করছি, দ্রুত কাটিয়ে উঠতে পারব।’
ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রুমানা এন্টারপ্রাইজের ১২৪ কোটি টাকা, মনোয়ারা ট্রেডিংয়ের ১১৫ কোটি টাকা, হারুন ট্রেডিংয়ের নয় কোটি ৮১ লাখ টাকা ঋণ আদায়ের জন্য জমিসহ সম্পত্তি নিলামে তোলা হয়েছে। হারুন ট্রেডিংয়ের ঋণ আদায়ের জন্য জমিসহ এশিয়া সেন্টার নিলামে তুলেছে ব্যাংক এশিয়া লিমিটেড। নিলামে তোলা ভবনেই চলছে ব্যাংক এশিয়ার খাতুনগঞ্জের কার্যালয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, নিলামে তোলা জমি ও অবকাঠামোগুলো খাতুনগঞ্জ, পাহাড়তলী, ভাটিয়ারি, বাকলিয়া, চান্দগাঁও. কোতোয়ালি ও বন্দর এলাকা, পটিয়া উপজেলা এবং ঢাকার নারায়ণগঞ্জে অবস্থিত। যেসব ব্যবসায়ীর সম্পত্তি নিলামে তোলা হয়েছে তাঁরা ২০১১ সালে ব্যাংকের টাকায় পণ্য আমদানি করেছিলেন।
কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, খাতুনগঞ্জে এখন ভোগ্যপণ্য ব্যবসার অবকাঠামো আছে, প্রাণ নেই। বাজারে যে অবস্থা তাতে আগামী কয়েক মাসের মধ্যে আরও বড় বড় গ্রুপ দেউলিয়ার কবলে পড়বে। এটি ভোগ্যপণ্যের বাজারের জন্য অশনিসংকেত।
কাস্টম হাউস ও বন্দরের হিসাবে দেখা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ভোগ্যপণ্যের বাজার প্রায় ২৬ থেকে ২৭ হাজার কোটি টাকার। গত অর্থবছর বেসরকারি খাতে ২৬ হাজার ২৪৬ কোটি টাকার প্রায় সাড়ে ৫০ লাখ টন ভোগ্যপণ্য আমদানি হয়।
কাস্টম হাউসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরে ৮৮৮টি প্রতিষ্ঠান সাড়ে ৫০ লাখ টন ভোগ্যপণ্য আমদানি করে। পরিমাণের হিসাবে মোট ভোগ্যপণ্যের প্রায় ৩৮ শতাংশ বা প্রায় ২০ লাখ টন পণ্য এনেছে চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলো। তবে আমদানিকারকের সংখ্যায় চট্টগ্রামের হার এখনো বেশি, গত অর্থবছরে ৫৩ শতাংশ বা ৪৭৮টি প্রতিষ্ঠান পণ্য আমদানি করে।
ব্যবসায় বিপর্যয়ের নেপথ্যে: খাতুনগঞ্জে একাধিক ব্যবসায়ীর সঙ্গে আলাপ করলে তাঁরা বিপর্যয়ের জন্য দায়ী করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাধ্যতামূলকভাবে কম দামে পণ্য বিক্রি করাকে। তবে ব্যাংক ও ব্যবসায়ী সংগঠনগুলোর সূত্রে জানা গেছে, নানা কারণেই ব্যবসায়ীরা লোকসান দেন। বাজার দখলের জন্য কম দামে পণ্য বিক্রি, বেশি মুনাফার লোভে অতিরিক্ত পণ্য আমদানি ইত্যাদি। আবার কেউ কেউ বলছেন, লোকসানে পড়ে ক্ষতি পুষিয়ে আনতে তাঁরা আমদানি অব্যাহত রাখেন। ফলে শেষ পর্যন্ত লোকসান বাড়ে।
ব্যবসায়ীরা জানান, হল-মার্ক কেলেঙ্কারির আগ পর্যন্ত ব্যাংকগুলোও বাছ-বিছার না করে নতুন প্রতিষ্ঠানকে ঋণ দেয় ভোগ্যপণ্য আমদানিতে। ফলে কখনো কখনো চাহিদার তুলনায় বেশি পণ্য আমদানি হয়েছে। ব্যাংকের দেনা শোধ করতে অনেক প্রতিষ্ঠান লোকসান দিয়েও পণ্য বিক্রি করেছে। এমন অসুস্থ প্রতিযোগিতায় পড়ে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও বাজার থেকে ব্যবসা সংকোচন করতে বাধ্য হয়েছে।
খাতুনগঞ্জের একাধিক ব্যাংকের কর্মকর্তা জানান, ব্যবসায়ীরা লোকসানে পড়ে ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকের টাকা শোধ না করে অধিক লাভের আশায় জমি ও শেয়ারবাজারে বিনিয়োগ করেন। কিন্তু শেয়ারবাজারে ধস এবং জমির দাম পড়ে যাওয়ায় আরও ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানগুলো। যেসব প্রতিষ্ঠান ব্যাংকের ঋণ শোধ করতে পারেনি সেসব প্রতিষ্ঠানের পণ্য আমদানির অর্থায়নে কঠোর হয় ব্যাংকগুলো। ফলে ঋণের জালে আটকা পড়ে অনেকগুলো বড় প্রতিষ্ঠান।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ব্যবসায়ে লাভ-লোকসান আছে। কয়েক দফা লোকসান দেওয়ার পর ব্যাংকগুলো প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে ঘুরে দাঁড়াতে পারছে না অনেকগুলো প্রতিষ্ঠান।
ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাশেদুল আমিন এ ক্ষেত্রে তিনটি কারণ চিহ্নিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ব্যাংকের অসুস্থ প্রতিযোগিতার কারণে ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা যাচাই না করে অর্থায়ন হয়েছে। বাজারে চাহিদা কত, মজুত কত—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়নি। আবার স্থানীয় ঋণপত্রের বিপরীতে টাকা নিয়ে পণ্য না কিনে অনেক ব্যবসায়ী জমিতে বিনিয়োগ করেছেন। বড় আকারের জমির গ্রাহক কমে যাওয়ায় এই টাকাও আটকে গেছে জমিতে।