চট্টগ্রামে ২৯ করদাতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী ২৯ জন ব্যক্তিকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ। জাতীয় আয়কর দিবসে গত সোমবার তাঁদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। 

আগ্রাবাদের সড়ক ও জনপথ বিভাগের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করে আয়কর বিভাগ। চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সম্মাননাপ্রাপ্ত আয়করদাতা সাংসদ আবদুর রহমান বদি, এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দীর্ঘমেয়াদি করদাতার সম্মাননা পেয়েছেন মোস্তফা কামাল হায়াত ও মেজর (অব.) আবদুল মান্নান। সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, পরিচালক আবুল কাশেম খান এবং প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন ও জেলার বিভিন্ন এলাকার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি ১০ করদাতাকে সম্মাননা দিয়েছে কুমিল্লা কর অঞ্চল। গত সোমবার রাতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে ওই সম্মাননা দেওয়া হয়। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেন।