চট্টগ্রামে ৫০০ ছাপাখানা বন্ধ, কর্মহীন ৪ হাজার শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম নগরের কয়েক শ ছাপাখানা। কাজ না থাকায় প্রায় বেকার বসে আছেন চার হাজার শ্রমিক। ছাপাখানার মালিকদের মধ্যে ভর করেছে দুশ্চিন্তা।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ছাপাখানা পাড়া হিসেবে পরিচিত আন্দরকিল্লায় এই চিত্র দেখা যায়। করোনাভাইরাসের কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম নগরের কয়েক শ ছাপাখানা। কাজ না থাকায় প্রায় বেকার বসে আছেন চার হাজার শ্রমিক। ছাপাখানার মালিকদের মধ্যে ভর করেছে দুশ্চিন্তা। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা নিয়ে উৎকণ্ঠায় আছেন মালিক-শ্রমিক সবাই। আর সামনের দিনগুলো কীভাবে পার করবেন, তার জন্য এখন থেকে শুরু হয়েছে উদ্বেগ-দুশ্চিন্তা।

একদিকে শ্রমিকেরা চলতি মাসের বেতন-ভাতা পাবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মালিকদের ফোন করেও ইতিবাচক কোনো প্রতিশ্রুতি পাচ্ছেন না তাঁরা। আবার ছাপাখানা বন্ধ থাকায় কীভাবে বেতন-ভাতা পরিশোধ করবেন, তা নিয়ে চিন্তায় আছেন মালিকেরা। তাঁরা প্রণোদনা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেস মালিক সমিতির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ ছাপাখানা রয়েছে। এসব ছাপাখানায় কর্মরত আছেন চার হাজার লোক। তাঁদের আয়ের ওপর নির্ভরশীল নিজেদের পরিবারগুলো। নগরের সবচেয়ে বেশি ছাপাখানা রয়েছে নগরের আন্দরকিল্লায়। এখানে প্রায় তিন শ ছাপাখানা আছে। ২৬ মার্চ থেকে এসব ছাপাখানা বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছেন কর্মরত লোকজন।

চট্টগ্রাম নগরের মোমিন রোড এলাকায় একটি ছাপাখানায় কাজ করেন মোহাম্মদ ফরিদ। ছাপাখানা বন্ধ থাকায় বেতন পাওয়া নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় আছেন তিনি। হতাশ কণ্ঠে প্রথম আলোকে বলেন, তাঁরা সাপ্তাহিক বেতন পান। মার্চ মাসের বেতন প্রায় শেষের পথে। এখন কাজ বন্ধ থাকায় এপ্রিল মাসের সাপ্তাহিক বেতন পাননি। শেরপুরে গ্রামের বাড়িতে স্ত্রী, সন্তান ও মা-বাবা রয়েছেন। বেতন না পাওয়ায় বাড়িতে টাকা দিতে পারেননি। মালিককে ফোন করেছেন। উল্টো বলেছেন, কাজ তো নেই। কীভাবে বেতন দেবেন।

সবকিছু বন্ধ থাকায় কারও কাছে টাকাও চাইতে পারছেন না বলে জানান আরেক কর্মী সৌরেন দাশ। নগরের পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের একটি মেসে থাকেন। তাঁর আয়ের ওপর নির্ভরশীল পুরো পরিবার। তিনি প্রথম আলোকে বলেন, কাজ নেই। ছাপাখানা বন্ধ। পকেটের টাকাও শেষ পর্যায়ে। বাড়িতে মা-বাবা ও ছোট ভাই আছেন। কীভাবে চলব, তা বুঝতে পারছেন না।

প্রেস মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের এসব ছাপাখানায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সমিতির পোস্টার, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক পত্রিকা, ম্যাগাজিন ও বই ছাপা হয়। বছরজুড়ে এসব কাজ চলে।

আন্দরকিল্লার এক প্রেস মালিক বলেন, করোনার জন্য সৃষ্ট দুর্যোগ কত দিন চলবে, তা কারও জানা নেই। গত মাসের বেতন কোনোরকমে পরিশোধ করেছেন। কিন্তু চলতি মাস থেকে ছাপাখানার খরচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, ফোন বিল, ট্যাক্স-ভ্যাট, ব্যাংকঋণ কীভাবে পরিশোধ করব? এখন তো কোনো কাজ নেই। আয়ও বন্ধ।

চট্টগ্রাম প্রেস মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও দ্য অ্যাড কমিউনিকেশনের দীপক কুমার দত্ত প্রথম আলোকে বলেন, মুদ্রণশিল্পের সঙ্গে পোশাকশিল্পও যুক্ত রয়েছে। পোশাকশিল্পের মাস্টার কার্টুন, ডিসপ্লে বক্স, পলিব্যাগ, কেয়ার লেবেল, সাইজ লেবেল, প্রাইস ট্যাগসহ নানা ধরনের মুদ্রণসামগ্রীর সমন্বয়ে রপ্তানি হয় তৈরি পোশাক। এ ছাড়া বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, তাতে মুদ্রণশিল্পের সম্পৃক্ততা রয়েছে। এই শিল্প বাঁচিয়ে না রাখলে শুধু মালিক-শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে না, তা নয়, দেশের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্যও ক্ষতিগ্রস্ত হবে। তাই এই শিল্পকে বাঁচাতে সরকারের প্রণোদনা চান তাঁরা।