চট্টগ্রামেও জমে উঠেছে আয়কর মেলা
চট্টগ্রামেও আয়কর মেলা জমে উঠেছে। নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী আয়কর মেলা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এই মেলায় গতকাল এসেছিলেন শিক্ষিকা সেলিনা মুশফিক। তিনি জানালেন, এবারই প্রথম কর দিতে এসেছেন। তাঁর কথা, ‘মেলায় আসার আগ পর্যন্ত বেশ উৎকণ্ঠায় ছিলাম। এসে সেই উদ্বেগ কেটে গেছে, এটাই বলতে পারি।’ চিকিৎসক শফিক আহমেদ এর আগেও কর দিয়েছেন। তাঁর মতে, ‘প্রতিবছরই এ ধরনের মেলার আয়োজন করা উচিত বলে আমি মনে করি। এতে নতুন করদাতারা উৎসাহী হবেন।’ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহেদ চৌধুরীও একইভাবে বললেন, ‘সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। এতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও স্বচ্ছতার প্রমাণ মিলছে।’ গতকাল বুধবার মেলায় গিয়ে দেখা যায়, প্রচুর মানুষের ভিড়। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ফটোকপির দোকান, হেল্প ডেস্ক, ব্যাংক আর বিভিন্ন বুথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছেন করদাতারা। তাঁরা অপেক্ষা করছিলেন কখন তাঁদের পালা আসে। আর কেউ কেউ অপেক্ষায় প্রহর কাটাচ্ছিলেন চেয়ারে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে। গতকাল চট্টগ্রামের আয়কর মেলা পরিদর্শনে আসেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, আগামী অক্টোবর মাস থেকে চট্টগ্রামে এবং কুমিল্লায় দুটি পৃথক কর অঞ্চল গড়ে তোলা হবে। এনবিআরের চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে কাস্টম ও আমদানি-রপ্তানি শাখা একীভূত করা হবে। এ ছাড়া মেলা আয়োজনের সফলতা দেখে আগামী বছর থেকে দেশের অন্য ছয়টি বিভাগে এটি ছড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন) বশির আহমেদ, কর কমিশনার হাবিবুর রহমান আখন্দ, মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাক প্রমুখ। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে একযোগে আয়কর মেলা শুরু হয়। মেলায় গত তিন দিনে প্রায় ২৬ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানান কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাক। এর মধ্যে প্রথম দিনে ৭৭ লাখ, দ্বিতীয় দিনে এক কোটি ৪৫ লাখ ও তৃতীয় দিনে ২৩ কোটি দুই লাখ টাকার মতো রাজস্ব আয় হয়েছে। রামেন্দ্র চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, ‘মেলার চতুর্থ দিনেও আমরা ভালো সাড়া পেয়েছি। অত্যন্ত সুষ্ঠুভাবে মেলার কার্যক্রম চলছে। কোথাও কোনো ধরনের সমস্যার অভিযোগ পাওয়া যায়নি।’ তিনি আশা করেন, আজ শেষ দিনেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।