চট্টগ্রামেও হয়নি মালয়েশীয় কোম্পানির আবাসন মেলা
রাজধানী ঢাকার পরে এবারে চট্টগ্রামেও মালয়েশীয় প্রতিষ্ঠান দ্য মেরিনের আবাসন মেলা হয়নি।
চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে মালয়েশীয় প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই দিনব্যাপী এই আবাসন মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে গিয়ে আয়োজকদের কাউকে পাওয়া যায়নি।
এর আগে গত রোববার ঢাকার লেকশোর হোটেলেও এই প্রতিষ্ঠানের উদ্যোগে মেলা শুরু হয়েছিল। প্রতিষ্ঠানটির সাত-আটজন কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট কিনতে প্রলোভন দেখাচ্ছিলেন। তবে হোটেল কর্তৃপক্ষ দুপুরের আগেই মেলার কার্যক্রম বন্ধ করে দেয়।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া দেশের বাইরে অর্থ পরিশোধের সুযোগ নেই। তবে আমদানির বিপরীতে অর্থ পরিশোধ করা যায়। ঘোষণা দিয়ে ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণের জন্য ছোট অঙ্কের অর্থ বাইরে নেওয়া যায়। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় বাইরে বিনিয়োগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে জমি ও ফ্ল্যাট কেনার জন্য অর্থ প্রেরণের কোনো সুযোগ নেই।
গতকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ক্লাবে গিয়ে দেখা যায়, আয়োজকদের কেউ নেই। ক্লাবের কর্মকর্তারা জানান, মেলা আয়োজনের জন্য মিলনায়তন ভাড়া নেওয়া হলেও এখানে মেলা হচ্ছে না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মেলার আয়োজক প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রতিনিধি মর্তুজা করিম গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুই দিনব্যাপী মেলা আয়োজন করার কথা ছিল। অনুমতি না পাওয়ায় মেলা হচ্ছে না।’
এদিকে অনুমোদনহীন মেলার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছে রিহ্যাব। জানা গেছে, এই মেলার আয়োজন বন্ধে তিন দিন আগে থেকে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি তৎপর হয়ে ওঠে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থার কার্যালয়ে চিঠি দিয়ে অনুমোদনহীন মেলা বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়।
যোগাযোগ করা হলে রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, এই মেলার কোনো বৈধতা নেই। এ ধরনের মেলা হলে দেশের টাকা বিদেশে পাচার হবে। এতে দেশেরই ক্ষতি হবে।