চট্টগ্রামের শিল্পকারখানায় সাঙ্গু সরাসরি গ্যাস বিক্রি করতে চায়
সরকারের বাইরে গিয়ে শিল্পকারখানাগুলোকে সরাসরি গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে স্যান্তোস সাঙ্গু গ্যাসফিল্ড লিমিটেড। এ জন্য প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ধরা হয়েছে ন্যূনতম সাড়ে চার মার্কিন ডলার। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে গ্যাসের দামও বাড়বে।গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্যান্তোষের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদের এই প্রস্তাব দেন। স্যান্তোস সাংগু গ্যাসের কর্মকর্তারা বলেন, তাঁরা প্রাথমিকভাবে জাতীয় গ্রিডলাইন ব্যবহার করেই গ্যাস বিক্রি করবেন। তবে বিদ্যুৎ প্রকল্প কিংবা বড় ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করলে গ্যাসক্ষেত্র থেকে ওই কারখানা পর্যন্ত পাইপলাইন নির্মাণ করে দেবে সাঙ্গু কর্তৃপক্ষ।সাঙ্গুর কর্মকর্তারা জানান, আগামী মার্চ নাগাদ সাঙ্গু গ্যাসক্ষেত্রে আরও তিনটি নতুন কূপ খনন করা হবে। এতে গ্যাসের উৎপাদন বাড়বে। সেখান থেকেই অর্ধেক গ্যাস তাঁরা সরাসরি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে চান।সাঙ্গু গ্যাসক্ষেত্রের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান স্যান্তোসের সহসভাপতি এ বি এ সিরাজ উদদৌলাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রস্তাবে এখনো কোনো প্রতিষ্ঠান সরাসরি গ্যাস ক্রয়ের আগ্রহ দেখায়নি। তারা কেবল বিভিন্ন তথ্য জানতে চেয়েছে।’সভায় স্যান্তোসের সভাপতি জন চেম্বারস, সহসভাপতি অজয় নামবিয়ার, সভায় চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম তালুকদার, সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, কেজিডিএসএলের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী, কোরিয়ান ইপিজেডের মহাব্যবস্থাপক মো. শাহজাহান, পিএইচপি গ্রুপের আলী হোসেন, কেডিএসের মনির এইচ খানসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।