চট্টগ্রামের সঙ্গে সরাসরি জাহাজ চালাতে আগ্রহী মালদ্বীপ
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম ও মালের মধ্যে সরাসরি জাহাজ চালানোর আগ্রহ প্রকাশ করেছে সফররত মালদ্বীপের প্রতিমন্ত্রী ও হিথাধো বন্দরের চেয়ারম্যান আবদুল্লাহ শহীদ। তিনি মালদ্বীপের পর্যটন, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।গতকাল বৃহস্পতিবার সফররত মালদ্বীপের প্রতিমন্ত্রী ও হিথাধো বন্দরের চেয়ারম্যান আবদুল্লাহ শহীদ দেশের ব্যবসায়ীদের শীর্ষক সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ সারির বক্তব্য দেন বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। মালদ্বীপের প্রতিমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেন, তাঁরা এক সপ্তাহের মধ্যেই চট্টগ্রাম ও ও হিথাধো বন্দরের মধ্যে জাহাজ চালাতে আগ্রহী। তিনি বলেন, মালদ্বীপ খাদ্যসামগ্রী, জ্বালানি ও নির্মাণসামগ্রী ভারত ও থাইল্যান্ড থেকে আমদানি করে থাকে। তিনি এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার আগ্রহ প্রকাশ করেন। মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ সারির বলেন, ছয় হাজার বাংলাদেশি শ্রমিক মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখছেন। তিনি অবকাঠামো উন্নয়ন ও হাসপাতাল খাতে আরও জনশক্তি বাংলাদেশ থেকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া মালদ্বীপের বেশ কিছু ছাত্র বাংলাদেশে চিকিৎসাবিজ্ঞান ও প্রকৌশল পড়ছে বলে তিনি উল্লেখ করেন।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ মালদ্বীপের বাজারে ওষুধসহ বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য, পর্যটন ও কৃষি খাতের উন্নয়নে সহযোগিতা দিতে দুই দেশই সম্মত রয়েছে। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে অচিরেই উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ কে আজাদ বলেন, সদ্য সমাপ্ত ২০১০-১১ অর্থবছরে প্রথম ১১ মাসে বাংলাদেশ সাত লাখ ২০ হাজার ডলারের পণ্য আমদানির বিপরীতে ১৪ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে। তিনি আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।