চট্টগ্রাম-কলকাতা বন্দরে কনটেইনার জাহাজ চলাচল শুরু হচ্ছে আজ
চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি কলকাতা বন্দরে দেশীয় জাহাজে প্রথমবার কনটেইনার পরিবহন শুরু হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠান প্রান্তিক মেরিন এমভি রোদেলা নামের ছোট আকারের একটি জাহাজে কনটেইনার পরিবহনের এ উদ্যোগ নিয়েছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এমভি রোদেলা জাহাজটি দিয়ে পরীক্ষামূলকভাবে ভারতের সঙ্গে উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এ জন্য ভারত থেকে অনুমতির জন্য চিঠিও পাঠানো হয়েছিল। তবে ভারতের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে প্রান্তিক মেরিন নিজ উদ্যোগে কনটেইনার পরিবহন শুরু করে দিচ্ছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর জাকিউর রহমান ভূঁইয়া বলেন, ‘আন্তর্জাতিক রীতি অনুযায়ী চট্টগ্রাম থেকে কলকাতা বন্দরে এ ধরনের জাহাজ চলাচলের সুযোগ আছে। এর পরও তারা (প্রান্তিক মেরিন) আমাদের থেকে অনুমতিও নিয়েছে। তবে চুক্তি হলে এবং চুক্তির আওতা অনুযায়ী উপকূল ঘেঁষে জাহাজ চলাচল করলে বন্দরের নানা মাশুল পরিশোধে ছাড় পাওয়া যেত।’
জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর রুটে কনটেইনারবাহী ফিডার জাহাজ চলাচল করে মূলত সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পালাপাস এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দরে। চট্টগ্রামমুখী বিশ্বের বিভিন্ন দেশের কনটেইনার বড় জাহাজে প্রথম এসব বন্দরে নামানো হয়। এরপর ফিডার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আনা হয়। একই পথে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার যায় বিশ্বের বিভিন্ন দেশে। এর বাইরে ছোট আকারে চীনে ও ভারতের মুন্দ্রা বন্দরে কনটেইনারবাহী জাহাজ চলাচল করছে।
বন্দর সূত্রে জানা গেছে, এমভি রোদেলা গতকাল বৃহস্পতিবার বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জেটিতে ভিড়ানো হয়েছে। রাতে জাহাজটিতে কনটেইনার বোঝাই করা হয়। জাহাজটি আজ শুক্রবার বন্দর ত্যাগ করবে বলে প্রান্তিক গ্রুপের কর্মকর্তারা জানান।
সর্বোচ্চ ১২৮টি কনটেইনার ধারণক্ষমতার এই জাহাজ প্রান্তিক গ্রুপের প্রতিষ্ঠান দেশ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ২০১৩ সালে কাঠামো পরিবর্তন করে। এরপর নৌ-বাণিজ্য অধিদপ্তর থেকে নিবন্ধন নেওয়া হয়। এই উদ্যোগ সফল হলে দেশীয় উদ্যোক্তারাও এসব রুটে কনটেইনার পরিবহনের জাহাজ পরিচালনায় এগিয়ে আসবেন বলে মনে করছেন জাহাজ কোম্পানির কর্মকর্তারা।
প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার বলেন, ‘এখন ভারত থেকে সিংহভাগ কনটেইনার পণ্য সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার বন্দর ঘুরে আসতে হয়। এতে সময় ও খরচ লাগে অনেক বেশি। তবে সরাসরি জাহাজ আসা-যাওয়া করলে সময় ও খরচ সাশ্রয় হবে।’
চট্টগ্রাম বন্দর রুটে কনটেইনারবাহী ফিডার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ভারতের শুধু মুন্দ্রা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজ চলাচল করছে। এ ছাড়া কলম্বো বন্দর ঘুরে অন্য বন্দরগুলোর সঙ্গে চট্টগ্রাম বন্দরে অনিয়মিতভাব কনটেইনার জাহাজ চলাচল করছে। অন্য বন্দর ঘুরে কনটেইনার পণ্য আনার চাইতে সরাসরি জাহাজ পরিচালনার এই উদ্যোগ পণ্য পরিবহনে সময় ও অর্থ সাশ্রয় করবে।
জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, কলকাতা থেকে কলম্বো বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে পণ্য আনতে হলে অন্তত ১০ দিন সময় লাগে। কনটেইনারপ্রতি ভাড়াও দিতে হয় কম-বেশি ৫০০ ডলার। সরাসরি কনটেইনার জাহাজ চালু হলে সময় লাগবে দুই দিন। নিয়মিত জাহাজ চলাচল করলে খরচ আরও কম লাগবে।
জাহাজ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমুদ্রপথে কনটেইনার পরিবহন এখন চলছে বিদেশি কোম্পানির জাহাজের মাধ্যমে। গত বছর বন্দর দিয়ে ১৭ লাখ ৩১ হাজার কনটেইনার পরিবহন হয় বিদেশি জাহাজে। কনটেইনার জাহাজ পরিচালনায় কিউসি শিপিং এবং এইচআরসি শিপিং এগিয়ে এলেও দুটি কোম্পানির এখন কোনো জাহাজ সচল নেই।