রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে চলমান আয়কর মেলায় ব্যাপক সাড়া পড়েছে। করদাতা ও দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণগুলো প্রতিদিনই মুখরিত থাকে। আয়কর মেলার চতুর্থ দিনে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ প্রায় ৯২ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, রাজধানীসহ সাত বিভাগীয় শহরে গতকাল এক হাজার ৪৬১ জন নতুন টিআইএন নিয়েছেন। বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন নয় হাজার ৪২০ জন করদাতা। আর রাজস্ব আয় হয়েছে ৯১ কোটি ৫৫ লাখ টাকা, যা গত চার দিনের মধ্যে সর্বোচ্চ। ঢাকাসহ সাত বিভাগীয় শহরের আয়কর মেলা থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত চার দিনে মোট তিন হাজার ৭৬৯ জন নতুন টিআইএন নিয়েছেন। আর বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছে ২৩ হাজার ৪৬৭ জন করদাতা। এতে রাজস্ব পাওয়া গেছে ১২২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকা।রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরের জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে সুন্দর ও গোছালো পরিবেশে আয়কর মেলা চলছে। এখানে চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য আলাদা বুথ খোলা হয়েছে। জনতা ও সোনালী ব্যাংকের অস্থায়ী শাখায় করের টাকা জমা নেওয়া হচ্ছে। করদাতাদের সুবিধার্থে মেলাস্থলে ফটোকপি মেশিন ও গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গেটে ঢুকতেই অভ্যর্থনাকারী মেলায় আগত করদাতাদের শুভেচ্ছা জানিয়ে নির্ধারিত বুথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দুটি বুথের পাশেই নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সুন্দর ছিমছাম পরিবেশে এই মেলা দর্শনার্থীদের কাছেও বেশ উপভোগ্য বলে মনে হচ্ছে। মেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গতকাল বগুড়া ও নওগাঁর শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন। এতে করদাতাদেরও খুশি মনে হচ্ছে। নতুন করদাতা ইউসেফ স্কুলের শিক্ষক মাসুদ রানা বলেন, মেলায় মাত্র ১০ মিনিটে আয়োজকেরা আয়কর রিটার্ন জমা নিয়েছেন এবং টিআইএন সনদ দিয়েছেন। এতে তিনি অবাক হয়েছেন। রাজশাহী পোস্টাল একাডেমির ডিপিএসজি আবু তালেব বলেন, ‘সবার সহযোগিতামূলক আচরণ দেখে খুব ভালো লাগল। মেলার মতোই আয়কর অফিসে এমন আচরণ কামনা করছি।’ রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের চিকিৎসক রুমানা শবনম বলেন, ‘মেলায় এত কম সময়ে আয়কর দেওয়ার মতো এমন জটিল কাজ করতে পেরে আমি খুব খুশি। প্রতিবছরই এই মেলার আয়োজন করা দরকার।’ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রিপন কুমার চক্রবর্তী বলেন, ‘অফিসেও এমন আন্তরিকতা পেলে কর আদায়ের হার বাড়বে বলে আমার বিশ্বাস।’ গত শনিবার এই মেলার উদ্বোধন করেন কর আপিল অঞ্চল-৩-এর কমিশনার লিয়াকত আলী খান। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কর অঞ্চল রাজশাহীর কমিশনার রোকেয়া খাতুন, অতিরিক্ত কর কমিশনার ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।বরিশাল অফিস জানায়, দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর বরিশালে আয়কর মেলায় করদাতাদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা।গতকাল মেলায় বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যাপক ইমানুল হাকিম বলেন, একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে করদাতাদের সংখ্যা বাড়বে। বরিশাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ নূরুল আমীন, বানারীপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা মো. মতিউর রহমান ও মেডিকেল টেকনোলজিস্ট মো. মোস্তাফিজুর রহমান মেলায় দ্রুত সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ভান্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বলেন, আইনজীবীর কাছে গেলে অনেক পয়সা খরচ হতো। নিজে এখানে আসায় বাড়তি কোনো খরচ লাগেনি।বরিশাল কর অঞ্চলের উপকমিশনার রিপন শাহরিয়ার বলেন, মেলার মাধ্যমে করদাতাদের আকৃষ্ট করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কর দিতে মানুষ উদ্বুদ্ধ হবে।রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর বিভাগে আয়কর মেলা চলছে। রংপুর জেলা পরিষদ কমিউনিটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। এতে রংপুর কর অঞ্চলের চারটি বুথ এবং জনতা ও সোনালী ব্যাংকের দুটি বুথ রয়েছে। কর কমিশনার বেলাল উদ্দিন জানান, জনগণকে কর প্রদানে উৎসাহিত করাই এ মেলার উদ্দেশ্য। গতকাল মঙ্গলবার মেলায় চিকিৎসক মোশকাতুর রহমান বলেন, জনগণকে কর দিতে উৎসাহী করতে এবং সঠিক সময়ে কর প্রদানে এ ধরনের মেলার প্রয়োজন রয়েছে। কলেজ শিক্ষক মাহবুবার রহমান ও রংপুর পৌর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনও একই ধরনের কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীসহ সাতটি বিভাগীয় শহরে এই মেলা চলবে।