ফিনল্যান্ডের মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশে লং টার্ম ইভালু্যশন (এলটিই) প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার শুরু করতে চায়।
এ প্রযুক্তিকে মোবাইল অপারেটর এবং টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর কাছে পরিচিত করে তুলতে নকিয়া এলটিইর পরীক্ষামূলক কার্যক্রমের একটি প্রদর্শনী শুরু করেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এলটিই প্রযুক্তিকে বলা হয় থ্রিজির পরবর্তী মোবাইল প্রযুক্তি। অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানটি একই সঙ্গে বাংলাদেশে তাদের নতুন আবাসিক প্রধান মার্কো লিয়ুসকে পরিচয় করিয়ে দেয়। এতে বক্তব্য দেন নকিয়ার হেড অব এশিয়া (নর্থ) হ্যারাল্ড প্রেইস।
উল্লেখ্য, থ্রিজি প্রযুক্তি বলতে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার ও কথা বলার সময় সরাসরি ছবি দেখার সুবিধাকে বোঝানো হয়। আর এলটিইতে এসব সুবিধা আরও দ্রুতগতিতে ও সাশ্রয়ীভাবে পাওয়া যাবে।
বাংলাদেশে থ্রিজি প্রযুক্তির ব্যবহার সম্প্রতি শুরু হয়েছে এবং এতে মোবাইল অপারেটররা প্রচুর বিনিয়োগ করছে, এমন বাস্তবতায় এলটিই প্রযুক্তির ব্যবহার কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্নের জবাবে হ্যারাল্ড প্রেইস বলেন, ‘গ্রাহকের জন্য গুণগত মানসম্পন্ন সুবিধা নিশ্চিত করার জন্য মোবাইল ফোন অপারেটর ও ব্রডব্যান্ড সেবাদাতাদের জন্য এলটিই খুবই কার্যকর প্রযুক্তি। এ প্রযুক্তি সহজেই বর্তমান বেস স্টেশনের (বিটিএস) মধ্যেই স্থাপন করা সম্ভব।’
এলটিই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহারে নতুন অভিজ্ঞতা পাবেন বলে জানান বাংলাদেশে নকিয়ার নতুন আবাসিক প্রধান মার্কো লিয়ুস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এলটিইর মাধ্যমে ডাউনলোড গতি মিলবে প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট (এমবিপিএস) এবং আপলোড গতি পাওয়া যাবে ৩৫ এমবিবিপিএস। এতে স্ট্রিমিং ছাড়াই ভিডিও দেখা, স্মার্ট টিভির মতো প্রযুক্তি ব্যবহার করা যাবে।
বাংলাদেশে এলটিই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘থ্রিজি প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে সম্প্রতি শুরু হয়েছে এবং এটিকে বাজারে পরিচিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ফোরজি বা এলটিই প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো এ প্রযুক্তি ব্যবহার উপযোগী যন্ত্রের স্বল্পতা। বাজারে বর্তমানে প্রতি এক হাজার যন্ত্রের মধ্যে দুইটিরও কম যন্ত্র এ প্রযুক্তি ব্যবহার উপযোগী।’