হাতিরঝিল প্রকল্পটি চতুর্থবারের মতো সংশোধন করা হচ্ছে। এবার ব্যয় না বাড়িয়ে আরও দেড় বছর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। আগামী বছরের ডিসেম্বর মাসে প্রকল্পটি শেষ হবে। এর ফলে তিন বছরের পরিবর্তে সাড়ে নয় বছরে প্রকল্পটি শেষ হবে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকায় সমন্বিত উন্নয়ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব উঠছে। প্রকল্প এলাকায় জমি অধিগ্রহণ ও মালিকানা-সংক্রান্ত জটিলতার কারণেই মূলত মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ২৩৬ কোটি টাকা। এর আগের তিনবারই প্রকল্পটি সংশোধনের সময় মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছিল। উল্লেখ্য, এই প্রকল্পটি রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন প্রকল্প হিসেবে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।
২০০৭ সালে যখন প্রকল্পটি শুরু হয়, তখন এর ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৪৭৩ কোটি ৫৮ লাখ টাকা। মেয়াদ ছিল ২০০৭ সালের জুলাই থেকে ২০১০ সালের জুন পর্যন্ত। প্রথম দফা সংশোধনীতে এক বছর সময় বাড়িয়ে ব্যয় বৃদ্ধি করা হয় মাত্র আট কোটি টাকা। দ্বিতীয় দফায় প্রকল্প ব্যয় ১ হাজার ৯৭১ কোটি টাকায় বাড়ানো হয়। এ দফায় মেয়াদ বাড়ে আরও দেড় বছর। পরের দফায় ব্যয় বাড়ে ২৬৫ কোটি টাকা, আর মেয়াদ বাড়ে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত।
উল্লেখ্য, গত মার্চ পর্যন্ত ২ হাজার ৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে, যা প্রকল্প ব্যয়ের ৯৪ শতাংশ।
যে কারণে মেয়াদ বাড়ছে: আরও দেড় বছর মেয়াদ বাড়াতে ১৩টি কারণ দেখানো হয়েছে প্রস্তাবে। এর মধ্যে অন্যতম হলো বউবাজার ও সাতরাস্তা সংযোগ সড়ক প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণ না হওয়া, ব্যবস্থাপনা ইউনিটের ভবন নির্মাণে জমির মালিকানা-সংক্রান্ত জটিলতা, বিভিন্ন পরিষেবা প্রতিষ্ঠানের লাইন অপসারণে দীর্ঘসূত্রতা, প্রকল্প এলাকায় প্রবেশের জন্য ইউ-লুপ নির্মাণের কাজ শুরু না হওয়া।
পরিকল্পনা কমিশন মত দিয়েছে, প্রকল্পটির মেয়াদ না বাড়ানো হলে বাকি কাজগুলো সুচারুভাবে শেষ করা সম্ভব হবে না। ফলে প্রকল্পের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না।
একটি প্রকল্প সাধারণত তিনবার সংশোধনের রেওয়াজ রয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বিভিন্ন অনুষ্ঠানে যেকোনো প্রকল্প তিনবারের বেশি সংশোধন না করার বিষয়ে মতামত দিয়েছেন।
পরিকল্পনা কমিশন এই প্রকল্পটি চতুর্থবার সংশোধনের জন্য যে প্রস্তাব দিয়েছে, তাতে বলা হয়েছে, প্রকল্প অনুমোদনের পরিপত্রে চতুর্থবার সংশোধন কে অনুমোদন করবেন, তার উল্লেখ্য নেই। তবে প্রকল্পটি চতুর্থবারের মতো সংশোধনের বিষয়ে ২০১৪ সালের ১৮ এপ্রিল পরিকল্পনামন্ত্রীর সঙ্গে রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনা হয়। সেই আলোচনায় প্রকল্পটির সংশোধনী প্রস্তাব একনেকে অনুমোদনের জন্য প্রক্রিয়াকরণের বিষয়ে সম্মতি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী—এমন কথা জানিয়ে চিঠি দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান প্রথম আলোকে বলেন, ‘যেকোনো প্রকল্প প্রথম তিনবার সংশোধনের প্রস্তাব পরিকল্পনামন্ত্রী নিজেই অনুমোদন দিতে পারেন। চতুর্থবার সংশোধনের অনুমোদন কে দেবেন, তা পরিপত্রে বলা নেই। তবে বলা আছে, অন্যান্য যেকোনো অনুমোদনের জন্য একনেকে পাঠানো যেতে পারে। আমরা এই বিধিটি ব্যবহার করে এই প্রকল্পটি চতুর্থবার সংশোধনের জন্য একনেকে নিয়ে যাচ্ছি। প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির জন্য যেসব কারণ দেখানো হয়েছে, তা বেশ যৌক্তিক।’