চতুর্থবারের মতো কৃষি পুরস্কার দেবে স্ট্যানচার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক ও কৃষি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। আগামী নভেম্বর মাসে মোট সাতটি শ্রেণিতে এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি পেতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ অক্টোবরের মধ্যে মনোনয়ন দাখিল করতে হবে।

‘স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ড’ নামের এ পুরস্কার ২০১৪ সালে চালু করা হয়। এ নিয়ে চতুর্থবারের মতো পুরস্কারটি দেওয়ার ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রতিবছরের মতো এবারের আয়োজনেও ব্যাংকটির সহযোগী হবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।

পুরস্কার প্রদানের ঘোষণা দিতে গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যাংকটি। এতে জানানো হয়, বছরের সেরা পুরুষ কৃষক, সেরা নারী কৃষক, সেরা উদ্ভাবন ও গবেষণা সহযোগী প্রতিষ্ঠান, সেরা সমর্থন/সহায়তা ও বাস্তবায়ন সহযোগী সংগঠন, কৃষি খাতের প্রযুক্তির সেরা ব্যবহার, সেরা কৃষিপণ্য রপ্তানিকারক এবং বছরের সেরা কৃষক (সাবসিস্ট্যান্স মার্কেট ফার্মার গ্রুপ) শ্রেণিতে এবার পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্র্যাক, সিনজেনটা, লাল তীর সিডসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে নাম নিয়ে যোগ্যদের একটি তালিকা করা হয়। এরপর তালিকা যাচাই করে জুরিবোর্ডের কাছে দেওয়া হয় সেরাদের বাছাইয়ের জন্য। জুরিবোর্ডে কৃষিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, সরকারি সংস্থার প্রতিনিধি মিলিয়ে ৬ থেকে ৯ জন সদস্য থাকেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ টাকা। এ ছাড়া বিজয়ীদের বাইরেও উল্লেখযোগ্য অবদানের জন্য (অনারেবল মেনশন) ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী বলেন, কৃষকদের ভালো কাজের মূল্যায়ন হলে দেশের মানুষ তাঁদের সম্পর্কে জানতে পারবে। এতে অন্যরা উৎসাহিত হবে। তিনি বলেন, বিজয়ী কৃষকেরা কিছু আর্থিক সহায়তাও পান, যা দিয়ে তাঁরা ভালো কাজ আরও এগিয়ে নিতে পারেন।

ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, কৃষকেরা কঠিন অবস্থায় থেকে কৃষিকাজ করে কীভাবে জীবন পরিবর্তন করেছেন, তাঁরা নতুন কী করছেন, কতটুকু ফসল উৎপাদিত হচ্ছে, কৃষিকাজে মুনাফার প্রবণতা কী—এসব বিষয় দেখে জুরিরা বিজয়ীদের বাছাই করেন।

অনুষ্ঠানে গত বছরের সেরা পুরুষ কৃষক হিসেবে পুরস্কার বিজয়ী সাতক্ষীরার মো. আবদুল সাত্তার সানা ও সেরা নারী কৃষক হিসেবে পুরস্কার পাওয়া পিরোজপুরের হোসনে আরা বেগম তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আবদুল সাত্তার সানা জানান, পুরস্কারের টাকা দিয়ে একটি গরুর খামার প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া একটি ছোট মাছের খামারও করেছেন তিনি।

হোসনে আরা বেগম জানান, তিনি পুরস্কারের টাকা দিয়ে একখণ্ড জমি কিনে সেখানে ধান চাষ করছেন।