চন্দনাইশে শত বছরের পেয়ারার আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশের রৌশন হাটে পেয়ারার পাইকারি বাজার। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চন্দনাইশের রৌশন হাটে পেয়ারার পাইকারি বাজার। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় স্থানীয় কাঞ্চননগর জাতের পেয়ারার চাষ বাড়ছে। উপজেলার কাঞ্চননগর, বাগিচা হাট, হাসিমপুর, দোহাজারী ও ধোপাছড়ির বিভিন্ন পাহাড়ে বর্তমানে বাণিজ্যিকভাবে পাঁচ শতাধিক বাগানে পেয়ারার চাষ হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এখানকার বাগানগুলো থেকে প্রতিবছর প্রায় ১০ কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। আর কৃষকদের দাবি, ঋণ বা প্রণোদনা পেলে এবং যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ভালো হলে পেয়ারার আবাদ যেমন বাড়ত, তেমনি বিক্রির পরিমাণ আরও বেশি হতো। একই সঙ্গে তাঁরা চন্দনাইশে পেয়ারা প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনেরও দাবি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘চন্দনাইশে প্রতিবছর ৮-১০ কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। পেয়ারাচাষিদের কৃষি প্রণোদনার আওতায় আনা যায় কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’
কৃষকেরা জানান, তাঁরা বংশপরম্পরায় কাঞ্চননগর জাতের পেয়ারার চাষ করে আসছেন। প্রায় শত বছর আগে কাঞ্চননগর এলাকার নামে এটির নামকরণ হয়। খেতে সুস্বাদু হওয়ায় বিভিন্ন এলাকায় এই পেয়ারার প্রচুর চাহিদা রয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া ও মাটির কারণে এখানকার পেয়ারার স্বাদটা ভালো হয়। কাঞ্চননগর জাতের পেয়ারার মৌসুম শুরু হয় আষাঢ় মাসে। এটি বাজারে পাওয়া যায় আশ্বিন মাস পর্যন্ত।
চন্দনাইশ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ইসতিয়াক আহমদ প্রথম আলোকে জানান, প্রতিবছরই এ এলাকায় পেয়ারার চাষ ও উৎপাদন বাড়ছে। বর্তমানে এ উপজেলায় প্রায় এক হাজার একর জমিতে পেয়ারার চাষ হয়। আর পেয়ারাচাষির সংখ্যা পাঁচ শতাধিক। তিনি জানান, গত বছর এখানে প্রায় ১ হাজার ৭৫০ মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হয়েছিল।
কাঞ্চননগরের পেয়ারাচাষি মো. শফিউর রহমান জানান, তিনি ৪০ বছর ধরে পেয়ারার চাষ করছেন। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় এক লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন। তবে ৭-৮ কিলোমিটার পথ হেঁটে চন্দনাইশের রৌশন হাট বাজারে পেয়ারা এনে বিক্রি করতে হয়। এতে খরচ বেশি হয়। যোগাযোগব্যবস্থা উন্নত হলে খরচ অনেক কম হতো।
একই এলাকার পেয়ারাচাষি বোরহান উদ্দিন বলেন, সরকারিভাবে ঋণ পেলে ও দেশের বাইরে রপ্তানি হলে কৃষকেরা দ্বিগুণ দাম পেতেন।
কাঞ্চননগর, মুরাদাবাদ, এলাহাবাদ, ফলদ ও বনজ বাগান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আতাহার আলী প্রথম আলোকে বলেন, চট্টগ্রামসহ কক্সবাজার, ফেনী, কুমিল্লার পাইকারেরা চন্দনাইশের রৌশন হাট, খাঁর হাট, বাগিচা হাট ও দোহাজারী বাজার থেকে পেয়ারা কিনে নেন।
চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, প্রায় শত বছর ধরে এই পেয়ারার চাষ হচ্ছে। কিন্তু উপজেলার বিভিন্ন সড়কের সংস্কার না হওয়ায় এবং এগুলো বর্ষাকালে বেহাল হয়ে পড়ায় বাগান থেকে বাজারে পেয়ারা নিতে কৃষকদের পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে যায়।
এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লুৎফুর রহমান বলেন, পেয়ারা উৎপাদনের এলাকায় রাস্তাঘাটের উন্নয়নসহ কৃষকদের ঋণ পাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক এম এ গফুর বলেন, কাঞ্চননগর পেয়ারার জাত যাতে সংরক্ষণে থাকে এবং কৃষকেরাও যাতে উৎপাদন অব্যাহত রাখতে পারেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকতে হবে।