চর এলাকার ৭৯ শতাংশ মানুষই সামাজিক নিরাপত্তা-সুবিধাবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপ ও চরাঞ্চলের বেশির ভাগ মানুষ সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত বিভিন্ন কর্মসূচির কোনো সুবিধা পায় না। এমন মন্তব্য বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের। দেশের চার জেলার ১০ উপজেলার ২৪টি ইউনিয়নের চার হাজার ৯৬৪ জন মানুষের ওপর এক জরিপ চালিয়ে উন্নয়ন সমন্বয় দেখেছে, চরাঞ্চলের ৭৯ শতাংশ মানুষই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পায় না। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের অর্থায়নে নদী ও জীবন প্রকল্পের আওতায় জরিপটি করা হয়।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় গতকাল মঙ্গলবার জরিপে এসব তথ্য তুলে ধরা হয়। ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি: দ্বীপ-চরাঞ্চলের প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে উন্নয়ন সমন্বয় ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ।জরিপটির বিভিন্ন দিক তুলে ধরেন নদী ও জীবন-২ প্রকল্পের সমন্বয়ক জাহিদ রহমান। জরিপে চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের কেসস্টাডি উল্লেখ করা হয়। ওই ইউনিয়নের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই চরে বাস করে। কিন্তু দেখা যায়, ইউনিয়নের অন্য সব স্থানে ভিজিডি কার্ড দেওয়া হয়েছে ১৩৩ জনকে। অন্যদিকে, চরের মাত্র আটজনকে এ কার্ড দেওয়া হয়। ইউনিয়নের অন্য সব স্থানে ৩৬০ জনকে বিধবা ভাতা দেওয়া হলেও চরের মাত্র ১০ জন এ ভাতা পান। আবার অন্য স্থানের ৬০৫ জন বয়স্ক ভাতা পেলেও চরে দেওয়া হয় মাত্র ছয়জনকে। এ ছাড়া চরের একজন যেখানে প্রতিবন্ধী ভাতা পান, সেখানে অন্য স্থানে ৫৩ জন প্রতিবন্ধীকে এ ভাতা দেওয়া হয়।সভার সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, চরের মানুষের দুঃখের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে বেশি। তাই তাদের জন্য বরাদ্দও বেশি দেওয়া উচিত। তবে এটি সরকারের নীতির মধ্যে রাখতে হবে। নইলে কোনো অঞ্চলে তা বাস্তবায়িত হবে, কোনো অঞ্চলে হবে না। তিনি বলেন, চরের জন্য একবার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু তা পরে বন্ধ করে দেওয়া হয়। আবারও এসব এলাকার জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হবে।ইব্রাহিম খালেদ বলেন, ‘চরাঞ্চলে কৃষি ব্যাংকের শাখা খোলা যায় কি না, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। হয়তো অন্য ব্যাংকের জন্য কৃষি ব্যাংক এ ক্ষেত্রে উদাহরণও হতে পারে।’সাংসদ আবদুল মজিদ খান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম হয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমার এলাকায় একজন মহিলাকে দেখলাম বিধবা ভাতা নেওয়ার জন্য এসেছেন। অথচ, আমি জানি, তাঁর ২০০ মণ ধান উৎপাদিত হয়েছে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ শাহ জিকরুল আহমেদ ও আসমা জেরিন এবং উন্নয়ন সমন্বয়ের সমন্বয়ক শাহীন উল আলম।