চরফ্যাশনের নারীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র হচ্ছে

ভোলার চরফ্যাশন উপজেলার চর পাতিলায় নারীদের জীবন-জীবিকার সহায়তায় একটি প্রশিক্ষণ ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ১ কোটি ৭০ লাখ টাকা দেবে। ব্যাংকের সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে।
কেন্দ্রটিতে উপকূলবর্তী এই গ্রামের নারীদের সেলাই ও সূচিকর্ম শেখানো হবে, যা অর্থ উপার্জনে তাদের সক্ষম করে তুলবে। উদ্যোগটিকে টেকসই করতে সেখানে প্রশিক্ষিত নারীদের সমন্বয়ে একটা সমিতিও গঠন করা হবে। কেন্দ্রটি থেকে নারীদের নিরাপদ মাতৃত্ব সেবাসহ গ্রামবাসীকে সাধারণ স্বাস্থ্যসেবাও দেওয়া হবে।
এ ব্যাপারে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) সঙ্গে এমটিবির একটি চুক্তি হয়েছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এমআরডিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য রোকিয়া আফজাল রহমান। আরও উপস্থিত ছিলেন এমটিবির গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার মোহাম্মদ সামি আল হাফিজ। বিজ্ঞপ্তি।