যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে, পুনঃ অর্থায়ন সুবিধা প্রদানের ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। এ ছাড়া পশুপালনকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদের যে তহবিল রয়েছে সেটির সুবিধা যেন চরাঞ্চলের মানুষ পায় সেটি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন গভর্নর আতিউর রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চর জীবিকায়ন কর্মসূচি আয়োজিত ‘সামাজিক দায়বদ্ধতা কর্মকাণ্ডে অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএলপির দল-প্রধান ম্যাথিউ প্রিচার্ড। গভর্নর বলেন, চরবাসীর ভাগ্য বদলে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অধিক সম্পৃক্ততার সুযোগ রয়েছে।