চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ: এডিবি
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রপ্তানি ও প্রবাসী আয় কমে যাওয়ায় লক্ষ্য অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন হবে না বলে মনে করে সংস্থাটি।
এদিকে চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার।
আজ বৃহস্পতিবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ প্রতিবেদন প্রকাশ করে এই পূর্বাভাস দিয়েছে এডিবি। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি, অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভর্মা।
প্রতিবেদনে জানানো হয়, আগামী অর্থবছরেও (২০১৭-১৮) ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এডিবি মনে করে, এই প্রবৃদ্ধি অর্জিত হবে তখনই, যখন রাজনৈতিক স্থিতিশীল অব্যাহত থাকবে, যা ভোক্তা চাহিদা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ ঠিক রাখবে। স্বাভাবিক আবহাওয়া বিরাজ থাকবে।
চাই লি বলেন, এক দশক ধরে বাংলাদেশ বেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এটা ধরে রাখতে হবে।
জাহিদ হোসেন বলেন, প্রবাসী আয় ও রপ্তানি কমে গেলেও ভালো প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের জন্য সমস্যা হবে না। কেননা এ দেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ চাহিদা আছে। এটি অর্থনীতির সক্ষমতা; যা টেকসই প্রবৃদ্ধির একটি ধরন তৈরি করেছে। তাঁর মতে, রপ্তানি ও প্রবাস আয়—এই দুটি বিষয় নির্ভর করে বহির্বিশ্বের পরিস্থিতির ওপর। এখানে বাংলাদেশের করার কিছুই নেই। অভ্যন্তরীণ চাহিদাই প্রবৃদ্ধি টেকসইয়ের চালিকাশক্তি।