চলতি অর্থবছরে ১৬ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে বাংলাদেশ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যা-সংকটের মধ্যেও গত এক বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে, যা এর আগের অর্থবছরের তুলনায় দুই লাখ বেশি। পাশাপাশি আগের বছরের তুলনায় পণ্য পরিবহনের পরিমাণও বেড়েছে চার হাজার মেট্রিক টন।গতকাল বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী ও পণ্য পরিবহনের এক পরিসংখ্যান দেওয়া হয়। তাতে বলা হয়, ২০১০-১১ অর্থবছরে বিমান ১৯টি গন্তব্যে যাত্রী পরিবহন করেছে ১৬ লাখ ২১ হাজার ৮০০ জন। আর পণ্য (কার্গো) পরিবহন করেছে ৩২ হাজার ৮৩৮ মেট্রিক টন। এর আগের অর্থবছরে বিমান (২০০৯-১০) ১৪ লাখ ২৯ হাজার ৪৮৯ জন যাত্রী এবং ২৮ হাজার ৭৪৮ টন পণ্য পরিবহন করেছিল।বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের গত চার দশকের ব্যবসায়িক ইতিহাসে এত বিপুলসংখ্যক যাত্রী ও পণ্য পরিবহনের রেকর্ড এই প্রথম। তিনি বলেন, বিমান বর্তমানে ঢাকা থেকে ১৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। শিগগির ঢাকা-নিউইয়র্ক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে। এ ছাড়া বিমানের আধুনিকীকরণের অংশ হিসেবে আগামী অক্টোবর ও নভেম্বরে বহরে দুটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর যুক্ত হচ্ছে।এদিকে বিমানের অপর একটি সূত্র জানায়, যাত্রী ও পণ্য পরিবহন উল্লেখযোগ্য হারে বাড়লেও একই সঙ্গে ফ্লাইট পরিচালনা ব্যয়ও অনেক বেড়েছে। বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ায় আয়ের বড় অংশ এ খাতে ব্যয় করতে হয়েছে বলে সূত্রটি দাবি করে। এর আগে ২০০৯-১০ অর্থবছরে বিমান প্রায় ৮০ কোটি টাকা লোকসান দিয়েছে। এ লোকসানের কারণ জানতে চেয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।