চলতি বছর বাংলাদেশের প্রবাসী-আয় হবে ১,৪০০ কোটি ডলার: বিশ্বব্যাংক
চলতি পঞ্জিকা বছরে অর্থাৎ ২০১২ সালে বাংলাদেশের প্রবাসী-আয় এক হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত হবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুসারে, এ বছর পাকিস্তানেরও প্রবাসী-আয় হবে এক হাজার ৪০০ কোটি ডলার। আর তাই এ বছর বিশ্বে প্রবাসী-আয়ের শীর্ষ ১০-এর তালিকায় বাংলাদেশ ও পাকিস্তান যুগ্মভাবে সপ্তম স্থানে থাকছে।বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত অভিবাস ও উন্নয়নবিষয়ক ব্রিফ বা সারসংক্ষেপে এই প্রাক্কলন তুলে ধরা হয়েছে।অর্থবছরের (জুলাই-জুন) হিসাবে দেখা যায় যে ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের প্রবাসী-আয় ছিল এক হাজার ২৮৪ কোটি ৩৪ লাখ ডলার, যেখানে একই সময়ে পাকিস্তানের আয় ছিল এক হাজার ৩১৮ কোটি ৬০ লাখ ডলার। তবে তার আগের দুই বছর বাংলাদেশের প্রবাসী-আয় পাকিস্তানকে ছাড়িয়ে গিয়েছিল। দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায় যে ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ও পাকিস্তানের প্রবাসী-আয় ছিল যথাক্রমে এক হাজার ১৬৫ কোটি ডলার ও এক হাজার ১২০ কোটি ১০ লাখ ডলার। এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে পাকিস্তানের প্রবাসী-আয় ছিল ৮৯০ কোটি ৬০ লাখ ডলার, যেখানে ওই বছর বাংলাদেশের প্রবাসী-আয় ছিল এক হাজার ৯৮ কোটি ৭৪ লাখ ডলার।বিশ্বব্যাংকের প্রকাশনায় আরও বলা হয়েছে, এ বছর উন্নয়নশীল দেশগুলো সব মিলিয়ে ৪০ হাজার ৬০০ কোটি ডলারের প্রবাসী-আয় পাবে। এর মধ্যে সাত হাজার কোটি ডলার আয় নিয়ে শীর্ষে থাকবে ভারত। ছয় হাজার ৬০০ কোটি ডলার প্রবাসী-আয় নিয়ে চীন দ্বিতীয় স্থানে এবং দুই হাজার ৪০০ কোটি ডলার প্রবাসী-আয় নিয়ে ফিলিপাইন ও মেক্সিকো যুগ্মভাবে তৃতীয় স্থানে থাকবে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায় যে ২০১১ সালে এক হাজার ২১৬ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী-আয় এসেছে। আর ২০১০ সালে এসেছিল এক হাজার ১০০ কোটি ডলার।