চলতি বছরেই ব্যাংকের সব শাখাকে অনলাইনে আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ব্যাংকের সব শাখাকে অনলাইনের আওতায় আসতে হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ব্যাংক খাতে ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থা এখনো জনপ্রিয় হয়নি। অথচ ৭ বছর আগে এ ব্যবস্থা চালু হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের পেমেন্ট, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেমসকে আধুনিক, নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ২০১০ সালে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার (ইএফটি), ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস), মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং সর্বশেষ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু করা হয়েছে। কিন্তু এসব ব্যবস্থা সম্পর্কে ব্যাংকের গ্রাহক এবং অনেক ব্যাংকারের ভালো ধারণা নেই। এমনকি অনেক শাখার এই পদ্ধতিতে লেনদেন সম্পাদনের সক্ষমতা নেই। ফলে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থাগুলোর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। এ কারণে গ্রাহক পর্যায়ে সেবাগুলোর সুফলও পৌঁছানো যাচ্ছে না।
এসব পদ্ধতির ব্যবহার বাড়াতে পাঁচ ধরনের পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে সব শাখায় ইএফটি এবং আরটিজিএস চালু করতে হবে। এ ছাড়া শাখায় গ্রাহকের সহজে দৃষ্টিগোচর স্থানে ব্যানার ও প্রচারপত্র টাঙাতে হবে। ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। ব্যাংকগুলোকে একক বা যৌথভাবে সভা, সেমিনার বা বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে হবে।