চলতি বছরের প্রবৃদ্ধির হার নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে
অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য নিতে বিতর্ক আবারও চাঙা হয়েছে। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে নতুন বছরের বাজেট উপস্থাপন করতে গিয়ে চলতি ২০০৯-১০ অর্থবছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় শতাংশ হবে বলে উল্লেখ করেন। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মে মাসের শেষ সপ্তাহে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির যে প্রাথমিক প্রাক্কলন প্রকাশ করে, তাতে দেখা যায় এবার প্রবৃদ্ধির হার হয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ। বাংলাদেশের উন্নয়ন-সহযোগী দেশ সংস্থাগুলোও বিশ্বমন্দা ও বাংলাদেশে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উত্পাদন ব্যাহত হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে আসছিল।বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এবার প্রবৃদ্ধির হার কমে সাড়ে পাঁচ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। অবশ্য জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (এসকাপ) প্রবৃদ্ধি ছয় শতাংশে থাকবে বলে পূর্বাভাস দেয়।এ ছাড়া একাধিক দেশীয় বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদও প্রবৃদ্ধির হার ছয় শতাংশের খানিকটা নিচে থাকবে বলে অভিমত প্রকাশ করেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দেশের অর্থনীতির ওপর স্বতন্ত্র পর্যালোচনা প্রতিবেদনে প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ বেশি হতে পারে, কিন্তু ছয় শতাংশ হবে না বলে অভিমত প্রকাশ করে।বিবিএসের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার নেতিবাচক প্রভাবে জিডিপির প্রবৃদ্ধি কমে গেছে। কৃষি খাতে গতি আনতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা যথেষ্ট কার্যকর হয়নি বলে মনে করা হচ্ছে।বিবিএসের পরিসংখ্যান অনুসারে চলতি অর্থবছর কৃষি খাতের প্রবৃদ্ধির হার তিন শতাংশের নিচে নেমে এসেছে। বিভিন্ন উপখাতের মধ্যে প্রবৃদ্ধি সবচেয়ে কম হয়েছে শস্য উপখাতে। গত বছর এই উপখাতে প্রবৃদ্ধির হার ছিল চার শতাংশ, যেখানে চলতি বছর এই হার প্রাক্কলন করা হয়েছে ২ দশমিক ২০ শতাংশ। আউশ ও আমনের ফলনে আশানুরূপ সাফল্য না আসা এবং সাম্প্রতিক বন্যায় বিভিন্ন স্থানে অনেক ফসল তলিয়ে যাওয়ার প্রভাবে এ অবস্থা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশ্বমন্দার প্রভাবে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর জ্বালানি সংকটে দেশের অভ্যন্তরে শিল্প উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ দুইয়ের সম্মিলিত প্রভাবে চলতি অর্থবছর শিল্প খাত ছিল নিম্নমুখী, যার প্রভাব পড়েছে জিডিপিতে।মার্চ মাসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছিল, বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বমন্দার সবচেয়ে বেশি আঘাত এসেছে শিল্প খাতে। বিদ্যুৎ ও গ্যাস সংকটও শিল্প খাতের প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই বিবেচনায় এডিবি এবার শিল্প খাতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমে যাবে বলেও উল্লেখ করেছিল।অন্যদিকে বিশ্বব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, বেসরকারি খাতের বিনিয়োগের শ্লথগতি গত বছরের তুলনায় এবার প্রবৃদ্ধির হার কমে যাওয়ার অন্যতম কারণ হবে।কিন্তু অর্থমন্ত্রী ২০১০-১১ অর্থবছরের বাজেট বক্তৃতায় বলেন, ‘চলতি বছর মন্দায় বিশ্বের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের সম্মুখীন হয়। তবে বিশ্ব অর্থনীতি মন্দা কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। যদিও ঘুরে দাঁড়ানোর এ প্রক্রিয়াটি চলছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গতিতে।’অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের সামষ্টিক অর্থনীতির সূচকগুলোয় যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এপ্রিল মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ। কৃষির যে তথ্য রয়েছে, তাতে আমন ও বোরোতে প্রবৃদ্ধি এবং আলু ও ভুট্টার অতিরিক্ত ফলন আশা করা যাচ্ছে। অন্যান্য কৃষিপণ্য ও মাছ-মাংসের উত্পাদন বেশি হচ্ছে। বেসরকারি খাতে ব্যাংক ঋণ বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ, মেয়াদি শিল্পঋণের প্রবৃদ্ধি হয়েছে ৪২ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া কৃষি ও এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশের কাছাকাছি। অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ঋণপত্র (এলসি) খোলার ভিত্তিতে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি যথাক্রমে ৫৪ ও ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অভ্যন্তরীণ চাহিদা প্রায় ২৫ শতাংশ বেড়েছে।তবে অর্থমন্ত্রী স্বীকার করেন, ‘দুটি খাতে আমাদের দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। আমরা জানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরবরাহ বাড়ালেও ক্রমবর্ধমান চাহিদা আমরা মেটাতে পারছি না।’এ ছাড়া জনশক্তি রপ্তানি ২০০৬ সাল-পূর্ববর্তী ধারায় বাড়লেও ২০০৭, ২০০৮ এমনকি ২০০৯ সালের তুলনায় কমেছে। এসব বিবেচনা করে অর্থমন্ত্রী প্রবৃদ্ধি ছয় শতাংশ হবে বলে প্রাক্কলন করেছেন।প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করতে গিয়ে গত শুক্রবার সিপিডি বলেছে, প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশের বেশি হলেও ছয় শতাংশের কম হবে। এর কারণ ব্যাখ্যা করে সংস্থাটি বলছে, বছর শেষে রপ্তানিতে আট শতাংশ ও আমদানিতে ছয় শতাংশ হারে যে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে তা অর্জন সম্ভব নয়। এটা করতে হলে চলতি অর্থবছরের শেষ দুই মাসে এ দুটি খাতে যথাক্রমে ৪০ দশমিক ৭ ও ৩৫ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হতে হবে, যা কোনোভাবেই সম্ভব হবে না।