চলতি মাসে কর্মসূচি দেবে না ব্যবসায়ী ঐক্য ফোরাম
প্যাকেজ মূল্য সংযোজন কর (মূসক) কমানোর বিষয়ে সরকার কিছু একটা করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক বৈঠক শেষে তিনি প্রথম আলোকে বলেন, সরকারের এ আশ্বাস পাওয়ায় তাঁরা চলতি মাসে আর কোনো কর্মসূচি দেবেন না।
মূসক-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরাম ২ নভেম্বর ঢাকায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করে সরকারকে ২০ নভেম্বর, অর্থাৎ গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে এদিন বিকেলে এনবিআর তাদের সঙ্গে একটি বৈঠক করে। আবু মোতালেব বলেন, বৈঠকে এনবিআর সদস্য ফরিদ উদ্দিন চলতি মাসের মধ্যে একটি ফল পাওয়া যাবে বলে তাঁদের আশ্বাস দেন। এ কারণে ফোরাম এ মাসে কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকবে।
আবু মোতালেব জানান, এনবিআরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক হেলাল উদ্দিন, ফোরামের সভাপতি আবদুস সালাম, সহসভাপতি আলাউদ্দিন মালিক, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান উপস্থিত ছিলেন।