চলতি মাসেই ডানা মেলছে নভো এয়ার
চলতি মাসেই আকাশে ডানা মেলতে যাচ্ছে দেশের বেসরকারি খাতের অষ্টম বিমান সংস্থা নভো এয়ার। শুরুতে অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। পরে পর্যায়ক্রমে আন্তর্জাতিক গন্তব্যে যাবে।নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, চলতি মাসের মাঝামাঝি তাঁরা উড্ডয়ন শুরু করার প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি জানান, প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেটে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব গন্তব্যে শুরুতে দৈনিক ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। পরে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে নয়টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। মফিজুর রহমান আরও জানান, এক বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর কলকাতা, কাঠমান্ডুর মতো গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ফ্লাইট পরিচালনার জন্য ইতিমধ্যে সম্প্রতি ব্রাজিলের তৈরি ৫০ আসনের জেট ইঞ্জিনচালিত দুটি এমব্রেয়ার ই-১৪৫ উড়োজাহাজ কিনেছে নভো এয়ার। ১২ জন দেশি ও ছয়জন বিদেশি বৈমানিককে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিমান সংস্থা হিসেবে কার্যক্রম চালুর জন্য গত মার্চে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তি (এনওসি) সনদ পায় নভো এয়ার। এতে ৭০ শতাংশ বিনিয়োগ করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নভো এয়ার কোম্পানি আগে থেকেই বিমান-বাণিজ্যের সঙ্গে জড়িত। তারা চায়না সাউদার্ন এয়ারলাইনস ও সিঙ্গাপুরের টাইগার এয়ারের এ দেশীয় প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে।