চলতি মাসেই দুগ্ধ উৎপাদন খাতে স্বল্প সুদে ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাস থেকে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এ সুবিধা দেবে। আপাতত ১২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান এ ঋণ বিতরণ করবে। এ জন্য প্রতিষ্ঠানগুলো গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি করেছে।
চুক্তির আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পুনঃ অর্থায়ন তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে পরবর্তী সময়ে তা দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারিদের মধ্যে বিতরণ করবে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে গভর্নর বলেন, দেশে দুধের যে চাহিদা রয়েছে তার মাত্র ২০ শতাংশ উৎপাদন হয় এখানে। বাকি ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানিনির্ভরতা কমিয়ে দুধ উৎপাদনে নিজেদের সক্ষমতা বাড়াতে খামারিদের জন্য ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। তহবিলটির সঠিক বাস্তবায়ন সম্ভব হলে ভবিষ্যতে এটির আকার আরও বাড়ানো হবে।
গভর্নর আরও বলেন, প্রকৃত খামারিরা যেন এ তহবিলের ঋণ সুবিধা পান, সেটি নিশ্চিত করতে হবে ঋণদাতা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। ঋণ বিতরণের ক্ষেত্রে নারী খামারিদের অগ্রাধিকার দিতে হবে।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক। আর ঋণ বিতরণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইএফআইসি, ব্র্যাক ও মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স এবং বিশেষ আইনে প্রতিষ্ঠিত আনসার-ভিডিপি ও কর্মসংস্থান ব্যাংকের পক্ষে প্রধান নির্বাহীরা চুক্তিতে স্বাক্ষর করেন।
গত জুনে বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার এ পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে। ৫ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ পাবেন খামারিরা। গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হলেও ব্যাংক পাবে ১০ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দেবে।