চলতি হিসাবে বড় ধরনের উদ্বৃত্ত
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এই উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২৮২ কোটি ৫০ লাখ ডলার। অন্যদিকে ২০১১-১২ অর্থবছরের একই সময়ে চলতি হিসাবে ১২ কোটি ডলারের ঘাটতি ছিল। আবার আলোচ্য সময়ে বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় কমে গেছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৩০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৬৭৫ কোটি ৩০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এসব তথ্য থেকে বোঝা যায় যে লেনদেনের ভারসাম্য পরিস্থিতি যথেষ্ট অনুকূলে রয়েছে। অবশ্য একই সঙ্গে এই পরিস্থিতি দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্লথগতিও নির্দেশ করে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, এই সময়কালে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি বেড়ে হয়েছে ২৩৪ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২১৯ কোটি ৪০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।মূলত প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহের কারণেই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির তথ্যানুসারে, অর্থবছরের নয় মাসে আর্থিক হিসাবে ১৫৭ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে ৭৭ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা বেড়ে যাওয়ার কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। এতে দেখা যায় যে ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে দেশে ১০৫ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগ।এই সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ দেশে এসেছে ১৩৯ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৪৪ শতাংশ বেশি। সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লেনদেনের ভারসাম্যে ৩৯৪ কোটি ৮০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে ৪১ কোটি ৯০ লাখ ডলারের ঘাটতি ছিল।আবার মার্চ শেষে এসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৩৯৭ কোটি ডলারের ওপরে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে এটি প্রায় সাড়ে চার মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। গত অর্থবছরের মার্চ শেষে যেখানে রিজার্ভ ছিল ৯৫৭ কোটি ৯০ লাখ ডলার।