
দেশের চলতি হিসাবের ভারসাম্য পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।তবে তা এখনো উদ্বৃত্তাবস্থায় রয়েছে, ঘাটতিতে উপনীত হয়নি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) চলতি হিসাবের ভারসাম্যে ১৫৪ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। তার আগের, অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে চলতি হিসাবের ভারসাম্যে ২৩৪ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। মোটাদাগে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেন বজায় রাখার জন্য কোনো ঋণ করতে হয় না। তবে ঘাটতি হলে তা মেটাতে বিদেশি ঋণ নিতে হয়। গত অর্থবছরের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া গেলে শেষ পর্যন্ত চলতি হিসাবের ভারসাম্য পরিস্থিতি কোথায় দাঁড়ায়, তা বোঝা যাবে। তবে তা ২০১২-১৩ অর্থবছরের চেয়ে কমই থাকবে বলে ধারণা করা যায়।
নিজস্ব প্রতিবেদক